পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি তৈরি করেছে চাপা টেনশন
সংবাদদাতা, কলকাতা: ‘আবহাওয়া আর স্বস্তিতে থাকলে দিল না রে তপসে!’ ফেলুদা থাকলে এবারের পুজোর আগে ঠিক এই কথাই বলতেন। কেননা সামনে পুজো আর মাথার ওপর ঘনাচ্ছে নিম্নচাপ। দুর্গাপুজোর মুখে আবহাওয়ার এই বড় বদলকে ঘিরে মনখারাপের সুর বাজছে মানুষের মনে। পুজোর সময়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটিতে কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রাজ্য থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দুর্গাপুজোর মুখে নতুন করে দেখা দিয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকুটি। এর জেরে পুজোর ঠিক আগেই আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একাধিক জেলায়।
আবহাওয়া দপ্তরের খবর, মঙ্গলবার দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। তবে আগামী ২৪ ঘণ্টা পর থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই এই আবহাওয়া বদল। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া ও হুগলির কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে আনন্দের খবর হল, এই বৃষ্টি ব্যাপকভাবে বা টানা হওয়ার সম্ভাবনা কম। পুজোর কেনাকাটা বা দর্শনার্থীদের সামান্য অসুবিধা হলেও, উৎসবের আনন্দ মাটি হওয়ার মতো দুর্যোগের আশঙ্কা আপাতত নেই। পাহাড়েও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দুই-এক দিন দার্জিলিং ও কালিম্পং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি ও কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকেই তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় ভারী বা টানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও পুজোর আগে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
