বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন, বিরোধীদের মিছিলে উত্তাল রাজধানী

12 October, 2026 5:52 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ অভিযান ছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’র। দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক সেরে একটি বাসে যাত্রা শুরু করেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, প্রিয়ঙ্কা গান্ধী ও আইসা নেত্রী নেহা বোরা। বাসের পিছনে হাঁটতে থাকেন হাজার হাজার কর্মী। বারাখম্বার কাছে বাস থেকে নেমে বিকেলে ভিড়ের সঙ্গে পায়ে হেঁটেই এগোন নেতারা। কিন্তু ভগবান দাস মার্গে মিছিল আটকে দেওয়া হয়। বিকেল সাড়ে ৪টে নাগাদ কংগ্রেসের আইনি উপদেষ্টাদল সুপ্রিম কোর্টে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পিটিশন দায়ের করেন। পিটিশনের টাইটেল দেওয়া হয় রাহুল গান্ধী বনাম চিফ ইলেকশন কমিশনার। নাম রয়েছে মোট ১১ জনের। মল্লিকার্জুন খাড়গে, সৌগত রায়, তেজস্বী যাদব, এম এ বেবি, অখিলেশ যাদব, ডি রাজা, তেজস্বী যাদবের। পিটিশনে নাম আছে সঞ্জয় রাউত, মহুয়া মাঝি, সুপ্রিয়া সুলেরও।  বিবাদী পক্ষে আছে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী। ওখানে উপস্থিত থাকার কথা থাকলেও মিছিল আটকানোয় রাহুল গান্ধী পৌঁছোতে পারেননি। রাহুল গান্ধীর আইনি পরামর্শদাতারাই পিটিশন দাখিল করেন।

মিছিলের আগে কংগ্রেস সদর দফতরে সাংবাদিক বৈঠকে রাহুল জ্ঞানেশ কুমারকে ইস্তফা দিয়ে সব তথ্য সামনে আনার দাবি জানান। তাঁর বক্তব্য, জ্ঞানেশ ভুল করেছেন ঠিকই, কিন্তু এই ষড়যন্ত্রের মূল মাথা তিনি নন। রাহুলের দাবি, ভয়ে সিইসি রাতে ঘুমোতে পারছেন না এবং এই পদে তাঁর টিকে থাকা অসম্ভব। রাহুল আরও দাবি করেন, মোদী সরকারের অন্তত ২০০ জন আধিকারিক বিরোধীদের সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সরবরাহ করছেন। তাঁর কথায়, ৫০ শতাংশ পুলিশ আধিকারিকও জানিয়েছেন যে বিরোধীরা ঠিক কাজ করছেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা পোস্ট করে সমস্ত দেশবাসীকে দলমত নির্বিশেষে এই মিছিলে সামিল হওয়ার আহ্বান জানান রাহুল। তিনি লেখেন, “এর আগে আমরা প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছিলাম। তিনি আমাদের একটি পিটিশন দাখিল করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনেই আজ বিরোধী জোটের সমস্ত নেতা ‘ভোট চুরি’-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মিছিল করছেন এবং পিটিশন দাখিল করবেন।”  এরপর কনস্টিটিউশন ক্লাবে বৈঠক করেন বিরোধী দলনেতারা। ওই বৈঠকে ১১ জন পিটিশনারের সঙ্গে ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, নেহা বোরা, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়রাও।

প্রতিবেদন

UTSAB RC