আবার ভয়ংকর হড়পা বান নেপালে, ধ্বংস জনপদ, ভেসে গেল সেতু, উদ্ধারে নামল হেলিকপ্টার
কাঠমাণ্ডু: নেপালে ফের হড়পা বান। বন্যায় বারবার বিপর্যস্ত নেপাল। এবারের হড়পা বানে ভেসে গেল নিয়াকচেট-ফিলিম বাজারের সংযোগকারী সেতু। ঘাট্টে খোলা এলাকায় একাধিক বাড়িতে ঢুকল কর্দমাক্ত জল, ভেসে গেল গোর্খা জেলার চুম্নুব্রি গ্রামীণ এলাকা। উদ্ধার ও ত্রাণে নামল পুলিশ-প্রশাসন, মোতায়েন হেলিকপ্টার।
প্রবল জলস্রোতে চুম্নুব্রি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিয়াকচেট ও ফিলিম বাজারের মধ্যে সংযোগকারী একটি সেতু ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ঘাট্টে খোলা এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ঢুকে পড়েছে কর্দমাক্ত বন্যার জল। ক্রমাগত বাড়ছে নদীর জলস্তর। ফলে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বন্যা পরিস্থিতির খবর পাওয়ার পরই উদ্ধার ও ত্রাণকাজে তৎপর হয়েছে নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী সহ স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধার করা ও তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে নদীর আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী। জরুরি পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি প্রশাসনের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়া ও ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করার জন্যও সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে।
নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। বন্যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। উদ্ধার ও ত্রাণকাজের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
