‘জার্মানির নাগরিক’ ধ্রুব কোন ভিসায় ভারতে এসে বিক্ষোভে জড়ালেন? উঠছে প্রশ্ন
নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দেশ। দিল্লিতে লাগাতার বিক্ষোভ চালাচ্ছে সিজেপি। সেই প্রতিবাদ আন্দোলনে যোগ দিতে জার্মানি থেকে উড়ে এসেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। কিন্তু দিল্লির যন্তর মন্তররের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাও স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে ধ্রুব রাঠি সম্পর্কে কিছু বিষয় জানতে চেয়েছেন। তিনি মূল যে বিষয়টি জানতে চেয়েছেন তা হল, ধ্রুব সত্যিই ভিসার শর্ত মেনে ভারতে থাকছিলেন কি না। কারণ, একাধিক সূত্র থেকে দাবি করা হয়েছে, ধ্রুব আদতে জার্মানির নাগরিক। কিন্তু ভারতে দ্বৈত নাগরিকতা অবৈধ। তাই ভিসা -পাসপোর্ট নিয়ে ভারতে এসে কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়া আদৌ আইনসিদ্ধ কিনা উঠছে সেই প্রশ্ন। এদিকে ধ্রুব ঠিক কোন ভিসায় ভারতে এসেছেন, তা এখনও স্পষ্ট নয়। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই ব্যাপারটিই জানতে চাওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ধ্রুব রাঠি কোন পাসপোর্টে ভারতে ঢুকেছেন, কোন ভিসা বা অনুমতিতে এ দেশে থাকছেন এবং রাজনৈতিক বিক্ষোভে যোগ দেওয়া বা বক্তব্য রাখার বিষয়ে সেই অনুমতিপত্রে কোনও বিধিনিষেধ রয়েছে কি না, তা স্পষ্ট করা হোক।
বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাও ধ্রুবর ভারতে আসার যাবতীয় নথি খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন। তাঁর দাবি, ভিসার শর্ত, অভিবাসন বিধি, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া সংক্রান্ত নিয়ম বা অন্য কোনও আইন লঙ্ঘনের প্রমাণ মিললে ধ্রুবর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে অভিনেতা প্রকাশ রাজ দাবি করেছেন, বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে এসআইআর বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছিলেন ধ্রুব। শনিবার যন্তর মন্তররের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। অন্যান্য সবাইকে বিক্ষোভে যোগ দেওয়ার আবেদনও জানিয়েছিলেন ধ্রুব।
