শেষ সপ্তাহের মার্কেটিংয়েও বাদ সাধবে বৃষ্টি? পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
সংবাদদাতা, কলকাতা: রাস্তায় রাস্তায় বিজ্ঞাপনের ব্যানার, কেনাকাটার ভিড়, সবই জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে। কিন্তু আবহাওয়ায় সেই আভাস নেই বললেই চলে। ঝকঝকে রোদের বদলে বেশির ভাগ সময়েই আকাশ মেঘলা, কোথাও মুষলধারে, কোথাও দু’এক পশলা বৃষ্টি। সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা আনুষ্ঠানিক ভাবে বিদায় নেয়। এ বার এখনও সে বিষয়ে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। উল্টে চতুর্থীতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা।
শনিবার মহালয়া। হাওয়া অফিস জানিয়েছে, শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রপাত। তাই পুজোর কেনাকাটায় বেরোলে সঙ্গে ছাতা রাখা জরুরি। শুক্রবার কলকাতায় সর্বাধিক তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।
মহালয়ার পর থেকে বৃষ্টি কিছুটা কমবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে। বৃষ্টি ফিরতে পারে চতুর্থী থেকে। চতুর্থী ও পঞ্চমীতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। তবে মহালয়ার পর থেকে দক্ষিণের কোনও জেলার জন্যই আবহাওয়া-সংক্রান্ত আলাদা সতর্কতা জারি হয়নি। সমুদ্রেও নতুন করে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই।
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। শুক্রবার দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মহালয়ার দিনেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। রবিবার থেকে উত্তরের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া সর্বত্র শুকনো থাকবে। চতুর্থী থেকে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জন্য তেমন কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন: দুর্গাপুজোয় সারারাত ট্রেন পরিষেবা হাওড়া ডিভিশনের, কড়া নিরাপত্তা মোতায়েন
কবে বিদায় নেবে বর্ষা?
মহারাষ্ট্রের বাকি অংশ, গোয়া, কর্নাটক, তেলঙ্গানা, ওড়িশার কিছু অংশ, ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের আরও কিছু অঞ্চল থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে বর্ষা। পূর্ব ভারতের আরও কিছু অংশ এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী তিন-চার দিনে সেই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে, তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। আপাতত বিহার ও সংলগ্ন অঞ্চলে একটি উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পূর্ব বিহার থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। তার প্রভাবে আরও কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
