নানা পাটেকরের মৃত্যুতে শোক দেশজুড়ে
সংবাদদাতা: নানা পাটেকরের মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। পুনেতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হবে বলে জানা গিয়েছে। বলিউডের বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়াত অভিনেতার পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।এক্স হ্যান্ডলে মোদি লিখেছেন, নানা পাটেকরের মতো অভিনয়শক্তি, স্বতন্ত্র ব্যক্তিত্ব ও নিজস্ব উপস্থিতি খুব কম অভিনেতার মধ্যেই দেখা গেছে। প্রতিটি চরিত্রে তিনি অসাধারণ বৈচিত্র্য ও সৃজনশীলতার ছাপ রেখেছেন। তার অভিনীত অনেক চরিত্র প্রজন্মের পর প্রজন্ম দর্শকদের মনে স্মরণীয় হয়ে থাকবে। নানা পাটেকরের স্পষ্টবাদী ব্যক্তিত্বের কথাও স্মরণ করেন মোদি। লেখেন, নিজের বিশ্বাস ও মতামত প্রকাশে নানা পাটেকর কখনও দ্বিধা করতেন না। তার সরাসরি ও অকপট বক্তব্যের জন্যও তিনি মানুষের কাছে প্রশংসিত ছিলেন। নানা অভিনীত ‘পরিন্দা’র মতো ছবির উল্লেখ করে প্রধানমন্ত্রী লেখেন, সমাজের প্রচলিত ব্যবস্থার বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে তাঁর সিনেমায় মাধ্যমে সরব হয়েছিলেন নানা। ক্রান্তিবীরের মতো চরিত্রের প্রসঙ্গ টেনে মোদি তাঁকে সামাজিক কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এক শিল্পী বলে উল্লেখ করেছেন।
অভিনেতার আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই দেশের রাজনৈতিক মহল থেকে বিনোদন জগত— সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি জানিয়েছেন, নানা পাটেকরের সঙ্গে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দীর্ঘ পাঁচ দশক ধরে তিনি দর্শকদের মনে রাজত্ব করেছেন। অভিনয়ের পাশাপাশি নানা পাটেকরের সামাজিক কাজের কথাও তিনি তুলে ধরেন তিনি। অভিনেতা নানা পাটেকরকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানোর ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।
অভিনেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বলেছেন, নানা পাটেকর ছিলেন অত্যন্ত প্রতিভাবান ও সংবেদনশীল অভিনেতা। চলচ্চিত্র জগতের প্রচলিত তারকা-সংস্কৃতির বাইরে থেকেও তিনি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত ছিলেন ও মানুষের পাশে থাকার চেষ্টা করতেন। তাঁর প্রয়াণ ভারতীয় সাংস্কৃতিক জগতের জন্য বড় ক্ষতি।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড.মানিক সাহাও বিশিষ্ট এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
নানা পাটেকরের অকাল প্রয়াণে শোক বিহ্বল বলিউড। শোক প্রকাশ করেছেন অক্ষয় কুমার। নানা পাটেকরের সঙ্গে ‘ওয়েলকাম’ ও ‘হাউসফুল ৫’ সিনেমায় কাজ করেছেন অক্ষয়। বলেছেন, এভাবে তাঁর হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া অত্যন্ত কঠিন।
চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা নানা পাটেকরকে ‘অভিনয়ের ঈশ্বর’ আখ্যা দিয়ে বলেন, এত গুণী একজন মানুষ যে এভাবে চলে যেতে পারেন, তা বিশ্বাস করা কঠিন।
দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর নানা পাটেকরকে ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে স্মরণ করে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অভিনেতা ও রাজনীতিবিদ রবি কিষাণ বলেন, এত বড় তারকা হওয়া সত্ত্বেও নানা পাটেকর ছিলেন মাটির কাছাকাছি। তাঁর সরলতা এবং আন্তরিকতা আজীবন মনে থাকবে।
গভীর শোক জানিয়েছেন ফারহান আখতার, মণীষা কৈরালা, রিতেশ দেশমুখ, আদিল হুসেন, মনোজ বাজপেয়ি, প্রকাশ রাজ, পরেশ রাওয়াল অর্জুন রামপালের মতো বিশিষ্টরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানার কালজয়ী কাজের কথা স্মরণ করেছেন তাঁরা। ‘ব্লাফমাস্টার’ ও ‘হাউসফুল ৫’-এ নানা পাটেকরের সঙ্গে কাজ করা রীতেশ তার অভিনয়ের বহুমাত্রিকতার কথা স্মরণ করেন। কখনও নায়ক, কখনও খলনায়ক, আবার কখনও হাস্যরসের আড়ালে ভিন্ন এক চরিত্র—সবকিছুতেই নানা নিজস্ব ছাপ রেখে গেছেন বলে জানান তিনি। তার ভাষায়, নানা পাটেকরের মৃত্যু একটি যুগের অবসান।
নানার মৃত্যুতে শোকস্তব্ধ খেলার মাঠও। গভীর শোক জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি প্রমুখও। বিরাট এক্স হ্যান্ডলে লিখেছেন, ভারতীয় সিনেমার কিংবদন্তি ছিলেন নানা। প্রজন্মের পর প্রজন্ম ধরে ওঁর কাজ আর ঘরানা থেকে যাবে। শান্তিতে থাকুন, নানা পাটেকরজি। ওম শান্তি।’
