বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে মদের বোতল ছুড়ে দুষ্কৃতী হামলা
সংবাদদাতা, কলকাতা: প্রাক্তন সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠল। ভোরবেলা মুখ ঢেকে এক ব্যক্তি তাঁর বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি মদের বোতল ছোড়ে বলে অভিযোগ। ঘটনায় বাড়ির একাধিক কাচ ভেঙে যায়।
বিকাশের বাড়ির হামলার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, গামছায় মুখ বেঁধে এক দুষ্কৃতী বাইক চালিয়ে হাজির হয়। তার হাতে ছিল প্যাকেট। এরপর মুখ ঢেকেই গালিগালাজ করতে-করতে বিকাশের বাড়ি লক্ষ্য করে সে মদের বোতল ছুড়তে থাকে। সঙ্গে বলতে থাকে, ‘আমরা হলাম দেশভক্ত। আমাদের সঙ্গে লাগবি না।‘ একদম সাত-সকালে এই ঘটনা ঘটনায় রীতিমতো আতঙ্কিত বিকাশ ভট্টাচার্যের পরিবারের সদস্যরা। এই প্রসঙ্গে বলতে গিয়ে সিপিএম নেতা বলেন, ‘আমি বেরিয়ে দেখছি জানালার কাচ ভেঙেছে। তারপর সিসিটিভি ক্যামেরা ভেঙেছে। আমার বাড়ির ভিতরে পুরো কাচ ছড়িয়েছে। যে ছেলেটি এসেছিল, তার মুখ কাপড় দিয়ে ঢাকা। গাড়ির নম্বর প্লেট ঢাকা। অশ্রাব্য গালাগালি করছে। বলছে আমরা ভারত মায়ের সন্তান, আমাদের পিছনে লেগেছিস? দেখে নেব। বলেই একের পর এক বোতল বার করছে, আর ছুড়ে মারছে। বিকাশবাবুর অভিযোগ, এই দুষ্কর্মের পিছনে রয়েছে হিন্দুত্ববাদী শক্তি।
ইতিমধ্যেই পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একটি সিসিটিভি ভেঙে দেওয়া হলেও অন্য একটি সিসিটিভি ক্যামেরা চালু ছিল। যে ক্যামেরা থেকে পাওয়া ফুটেজের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিতকরণের কাজ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, তাঁরা এই ফুটেজ খতিয়ে দেখছেন। বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনের রাস্তায় এখনও ভেঙে পড়ে রয়েছে বোতলের কাচের টুকরো। পুলিশ মনে করছে সম্পূর্ণ পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে। কারণ যে ভাবে মুখ ঢেকে, গাড়ির নম্বর প্লেট ঢেকে রাস্তার উপর দাঁড়িয়ে গোটা কাণ্ডটি ঘটানো হয়েছে, এটা আচমকা ঘটানো সম্ভব নয়। এমনকি কোন রাস্তা দিয়ে গেলে কোন দিকে যাওয়া যাবে সেটাও হামলাকারী ছকে রেখেছিলেন। যদিও গোটা ঘটনার পিছনে কী কারণ, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
এই ছবি ছড়িয়ে পড়তে চারিদিকে নিন্দার ঢেউ উঠেছে। ঘটনার নিন্দা করে বিধায়ক নওশাদ সিদ্দিকি প্রশ্ন তোলেন, তাহলে পশ্চিমবঙ্গ কোনদিকে যাচ্ছে?
