ইংরেজবাজার পুরসভা: কুর্সি দখলের পথে বিজেপি, তৃণমূল ছাড়লেন ১১ কাউন্সিলর
সংবাদদাতা, মালদহ: মালদহ জেলা পরিষদের পর এবার ইংরেজবাজার পুরসভাতেও পালাবদলের সম্ভাবনা জোরালো হল। বুধবার নতুন চেয়ারম্যান নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ১১ জন কাউন্সিলর দলীয় সম্পর্ক ছিন্ন করে নিজেদের নির্দল কাউন্সিলর হিসেবে ঘোষণা করলেন। তাঁদের মধ্যে পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালাও রয়েছেন। একই সঙ্গে তাঁরা জানিয়ে দিয়েছেন, চেয়ারম্যান নির্বাচনে তাঁদের কেউ প্রার্থী হবেন না। বরং বিজেপির চেয়ারম্যান পদপ্রার্থীকে সমর্থন করবেন।
ইংরেজবাজার পুরসভায় মোট ২৯টি আসন। এর মধ্যে এক কাউন্সিলরের মৃত্যুর পর বর্তমানে কার্যকর সদস্য সংখ্যা ২৮। সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণে বিজেপির হাতে রয়েছে তিনটি আসন। আগে তৃণমূলের দখলে ছিল ২৫টি আসন এবং একজন ছিলেন নির্দল কাউন্সিলর। ১১ জন তৃণমূল কাউন্সিলর দল ছাড়ার পর নতুন সমীকরণে বিজেপির পক্ষে চেয়ারম্যান নির্বাচনের অঙ্ক অনেকটাই সহজ হয়ে গিয়েছে।
চেয়ারম্যান নির্বাচনে ২৮ জনের মধ্যে অন্তত ১৫ জনের সমর্থন প্রয়োজন। বিজেপির তিন কাউন্সিলরের সঙ্গে দলত্যাগী তৃণমূল কাউন্সিলরদের সমর্থন মিললে সেই সংখ্যা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি বা তার বেশি হয়ে যাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সমীকরণই ইংরেজবাজার পুরসভায় বিজেপির বোর্ড গঠনের রাস্তা কার্যত পরিষ্কার করে দিয়েছে।
এই পরিস্থিতির শুরু হয় প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরির পদত্যাগে। সেপ্টেম্বর মাসে পাঁচবারের চেয়ারম্যান পদ ছাড়ার পর পুরসভা সামলাচ্ছিলেন ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল। এরপরই নতুন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েন প্রকাশ্যে আসে।
