শহর পরিষ্কারে নতুন উদ্যোগ শিলিগুড়ি পুরনিগমের
সংবাদদাতা, শিলিগুড়ি: শহরকে আরও পরিষ্কার, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে নতুন উদ্যোগ নিল শিলিগুড়ি পুরনিগম। শহরের সাফাই ও বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবাকে আরও উন্নত করতে একাধিক নতুন গাড়ি যুক্ত করা হল পুর পরিষেবায় । বুধবার বাঘাযতীন পার্কে আয়োজিত ‘সেবা জ্যোতি যাত্রা’র মঞ্চ থেকে নতুন গাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহ, সাফাই এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজে এই গাড়িগুলি ব্যবহার করা হবে। নতুন গাড়ি যুক্ত হওয়ায় শহরের বিভিন্ন ওয়ার্ডে সাফাইয়ের কাজ আরও দ্রুত করা সম্ভব হবে বলে পুরনিগমের আশা। বিশেষ করে নিয়মিত বর্জ্য সংগ্রহ এবং শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা আবর্জনা দ্রুত সরিয়ে ফেলার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, একটি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধুমাত্র পুরনিগমের দায়িত্ব নয়। এই কাজে শহরের প্রতিটি নাগরিকের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। রাস্তাঘাট, পাড়া এবং জনবহুল এলাকাকে পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলার আবেদন জানান তিনি।
একইসঙ্গে নতুন গাড়িগুলির যথাযথ ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর বক্তব্য, শুধু নতুন যানবাহন নামালেই হবে না, সেগুলির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
পুরনিগমের এই উদ্যোগের ফলে শহরের সাফাই পরিষেবায় গতি আসার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের উদ্যোগের সঙ্গে নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা যুক্ত হলে শিলিগুড়িকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে আশা বিশিষ্টদের।
