এত ফলোয়ার! ভেঙে গেল তরুণী চিকিৎসকের বিয়ে
নয়াদিল্লি: “এত বিখ্যাত মেয়ে আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে না।” পাত্রপক্ষের এই যুক্তিতেই নাকি ভেঙে গিয়েছে এক তরুণী চিকিৎসকের বিয়ের কথাবার্তা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওযতে নিজেই সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। শুনে হতবাক নেটাগরিকদের একাংশ।
ওই তরুণী পেশায় শল্যচিকিৎসক। কাজ করেন হরিয়ানায়। ইনস্টাগ্রামে চিকিৎসাসংক্রান্ত নানা ভিডিও পোস্ট করেন তিনি। আর তাঁকে অনুসরণকারীর সংখ্যা ২ লক্ষেরও বেশি। তাঁর দাবি, এই জনপ্রিয়তাই তাঁর বিয়ের সম্বন্ধ ভাঙার কারণ।ভিডিওতে তিনি জানান, পাত্রপক্ষ সরাসরি বলেছিল, এমন পরিচিত মুখ তাদের পরিবারের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন বলে তারা মনে করে না। তাই এই বিয়েতে তারা রাজি নয়।
ঘটনার পর বিরক্তি চাপেননি চিকিৎসক। তাঁর বক্তব্য, সমাজমাধ্যমে ফলোয়ার যত-ই থাকুক, বাস্তবে তিনি একেবারেই সাধারণ জীবন কাটান। তাঁর কথায়, সফল ও স্বাধীন নারীরা অনেকের কাছেই অস্বস্তির কারণ হয়ে ওঠেন।
‘ডক্টরজেসমিনকালসি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে সেটি দেখা হয়েছে হাজার হাজার বার। ঘটনা জেনে ক্ষুব্ধ নেটাগরিকেরা। অনেকেই মন্তব্য করেছেন, পিতৃতন্ত্র কিছু মানুষের মনে কতটা গভীরে গেঁথে আছে, এই ঘটনা তারই উদাহরণ। কেউ কেউ ওই পরিবারকে ‘রেড ফ্ল্যাগ’ বলেও দাগিয়ে দিয়েছেন। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি The Anchor Bengal।
