বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মহাজাগতিক ভূতুড়ে কণা পদ্ধতি আবিষ্কার, পদার্থবিদ্যায় নোবেল ফ্রান্সিস হালজেনের

06 October, 2026 4:20 PM UTSAB RC
শেয়ার করুন

স্টকহোম: আশির দশকে দক্ষিণ মেরুতে নিউট্রিনো (মহাজাগতিক ভূতুড়ে কণা) ধরার যে স্বপ্ন দেখেছিলেন এক বিজ্ঞানী। চার দশক পরে তার স্বীকৃতি মিলল নোবেল পুরস্কারে। ২০২৬ সালের পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন। আইসকিউব নিউট্রিনো অবজার্ভেটরিতে তাঁর অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো (এক ধরনের মহাজাগতিক কণা) আবিষ্কারের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস পুরস্কারের ঘোষণা করে। নোবেল কমিটির পদার্থবিদ্যা বিভাগের চেয়ারম্যান মার্ক পিয়ার্স বলেন, হালজেন গবেষক ও ইঞ্জিনিয়ারদের একটি আন্তর্জাতিক দলকে নেতৃত্ব দিয়েছেন, যাঁরা বিজ্ঞানকে একটি অসাধারণ যন্ত্র উপহার দিয়েছেন। তাঁর অধ্যবসায় ও বৈজ্ঞানিক দূরদৃষ্টিই নতুন ধরনের জ্যোতির্বিজ্ঞানের রাস্তা তৈরি করেছে, মত পিয়ার্সের।

বেলজিয়ামে জন্ম ফ্রান্সিস হালজেনের বয়স এখন ৮২। তিনি আমেরিকার ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসনের সঙ্গে যুক্ত। পুরস্কার ঘোষণার পরপরই তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল সংবাদসংস্থা এপি, তবে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ বছর নোবেলজয়ীর হাতে যাবে ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনা।  যা প্রায় ১২ লক্ষ ডলারের সমতুল্য। একজন, একাধিক জন বা কোনও সংস্থা, যিনি বা যাঁরাই পুরস্কার পান, অঙ্কটা একই থাকে।

গত বছরের পদার্থবিদ্যা নোবেল

গত বছর এই পুরস্কার পেয়েছিলেন তিন বিজ্ঞানী। কোয়ান্টাম টানেলিং, অর্থাৎ অতি-ক্ষুদ্র কণার অদ্ভুত আচরণ নিয়ে গবেষণার জন্য তাঁদের সম্মানিত করা হয়। সেই গবেষণাই এমআরআই মেশিনের অতি-সূক্ষ্ম পরিমাপ সম্ভব করেছে এবং উন্নত মোবাইল ফোন ও দ্রুত কম্পিউটারের ভিত গড়ে দিয়েছে।

সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণার মাধ্যমে এ বছরের পুরস্কার ঘোষণা শুরু হয়। তিন বিজ্ঞানী সেটি পান এমন একটি পদ্ধতির জন্য, যেখানে আলো ব্যবহার করে মস্তিষ্কের কাজ বোঝা যায়। বুধবার ঘোষণা হবে রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে। শুক্রবার শান্তি পুরস্কারের পর সোমবার ঘোষণা হবে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার।

প্রতিবেদন

UTSAB RC