বাসমালিক ও অপারেটর বনাম পুলিশ, মধ্য়স্থতা করতে বৈঠক মন্ত্রী অর্জুন সিংয়ের
সংবাদদাতা, কলকাতা: বেসরকারি বাস মালিক ও অপারেটর বনাম পুলিশ প্রশাসন। এই সমস্য়ার সমাধানে মধ্য়স্থতা করতে এবার আসরে নামল রাজ্য পরিবহণ দপ্তর। মঙ্গলবার বিকেল ৫টায় কলকাতার ময়দানে ডাফরিন রোডের WBTC টেন্টে দুই পক্ষকে নিয়ে বৈঠক করবেন রাজ্য পরিবহণ দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। বাস মালিক ও অপারেটরদের সমস্যার স্থায়ী সমাধানের জন্য় পরিবহণ মন্ত্রীর সঙ্গে থাকবেন পরিবহণ দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা।
পরিবহণ দপ্তরেরর পক্ষ থেকে কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার এবং ট্রাফিক ও রোড সেফটি বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলকেও বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। মূলত পুলিশ প্রশাসনের সঙ্গে বাস মালিকদের সরাসরি আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে ওঠার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, এই বৈঠকের মূল দাবি, বেসরকারি স্টেজ ক্যারেজ বাস অপারেটররা বিভিন্ন পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। বাস পরিচালন সংক্রান্ত অন্যান্য জটিলতাও আছে। সেই অভিযোগ শুনে তার স্থায়ী সমাধান করাই উদ্দেশ্য় পরিবহণ দপ্তরের। শহরের গণপরিবহণ ব্যবস্থাকে আরও সাবলীল করে তুলতেই সরকার মধ্য়স্থতা করবে বলে জানা গিয়েছে।
বৈঠকে রাজ্যের ৭টি বাস মালিক ও অপারেটর সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি, বেঙ্গল বাস সিন্ডিকেট,জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, সিটি সাবার্বান বাস সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন, মিনি বাস কো-অর্ডিনেশন কমিটি। তবে শৃঙ্খলা রক্ষা এবং সুশৃঙ্খলভাবে আলোচনা পরিচালনার স্বার্থে প্রতিটি সংগঠন থেকে দুজন করে প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন বলে পরিবহণ দফতরের পাঠানো চিঠিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন এবং বাস মালিকদের মধ্যে চলা দীর্ঘদিনের মতপার্থক্য দূর করতে এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। রাজ্য সরকারের এই হস্তক্ষেপে বেসরকারি বাস পরিষেবা আরও বাড়বে বলে মনে করছেন বাস মালিকরা।
