বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভায় মনোনয়ন পেশ কোয়েল মল্লিকের
সংবাদদাতা, কলকাতা: আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রীর উপস্থিতিতে উত্তরীয় পরিয়ে তাঁকে দলে স্বাগত জানানো হয়। আর যোগ দিয়েই রাজ্যসভায় মনোনয়ন পেশও করলেন রুক্মিনী মল্লিক (কোয়েল)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবা ও উন্নয়নমুখী কাজ এবং গত কয়েক মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে শুরু হওয়া উন্নয়নের কর্মযজ্ঞ দেখেই তিনি অনুপ্রাণিত। দেশ ও রাজ্যের উন্নয়নে এবং মানুষের সেবায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে আশা প্রকাশ করছেন বিজেপি নেতৃত্বরাও।
কোয়েল জানিয়েছেন, রাজ্যসভায় সদস্য হওয়ার সুযোগ পাওয়া তাঁর কাছে যেমন সম্মানের, তেমনই বড় দায়িত্বের। আরও বৃহত্তর পরিসরে মানুষের সেবা করার সুযোগ পেয়ে তিনি খুশি। এর জন্য প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। গত কয়েক মাসে বাংলায় যে উন্নয়নের কাজ শুরু হয়েছে, তা দেখে তিনি খুবই আনন্দিত বলে জানান কোয়েল। তাঁর কথায়, রাজ্যের মানুষ উন্নয়ন চান, চান আরও কাজ আর কর্মসংস্থানের সুযোগ। কর্মসংস্থানের অভাব থেকেই সমাজে হতাশা ও নেতিবাচকতা জন্ম নেয়। তাই সবার জন্য কাজের সুযোগ তৈরি করা এবং উন্নত শিক্ষার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।
কোয়েল বলেন, সমাজের সুবিধাভোগী অংশের পাশাপাশি পিছিয়ে-পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কথাও আরও বেশি করে ভাবা দরকার। ছোটবেলা থেকে পরিবারের মাধ্যমেই তাঁর মানুষের সেবার সঙ্গে পরিচয়। শৈশবের অনেক গ্রীষ্মের ছুটি তিনি কাটিয়েছেন মিশনারিজ অফ চ্যারিটিতে। সেই অভিজ্ঞতাই সমাজের বাস্তব ছবি কাছ থেকে দেখতে এবং মানুষের জন্য কাজ করতে তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছে। রাজনৈতিক জীবনে নানা সময়ে তাঁকে নিয়ে ওঠা সমালোচনার প্রসঙ্গে কোয়েল বলেন, তিনি কারও সম্পর্কে খারাপ কথা বলতে চান না। যাঁরা তাঁকে বা অন্যদের আক্রমণ করেন, তাঁদের উপরেও তাঁর কোনও রাগ নেই। তাঁর মতে, মানুষের নেতিবাচক আচরণের পিছনেও কোনও না কোনও কারণ থাকে। তিনি সকলের মানসিক সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
তৃণমূল কংগ্রেসে আগে যোগ দেওয়াকে তিনি ‘ভুল সিদ্ধান্ত’ মনে করেন কি না, এই প্রশ্নের জবাবে কোয়েল বলেন, প্রতিটি রাজনৈতিক দলই নিজের মতো করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করে। কোনও দল বা ব্যক্তিকে ছোট করতে তিনি চান না। তবে এখন বিজেপির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি নিজেকে গর্বিত ও সৌভাগ্যবান মনে করছেন। তাঁর কাছে মানুষের সেবা ও মনুষ্যত্বই সবার আগে। রাজনীতিতে আসার মূল উদ্দেশ্যও মানুষের জীবনে ইতিবাচক বদল আনা; নিজের সাধ্যমতো সামান্য পরিবর্তন আনতে পারলেও জীবন সার্থক হবে বলে মনে করেন তিনি।
রাজ্যসভায় গিয়ে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করারও ইচ্ছে প্রকাশ করেন কোয়েল। তাঁর কথায়, মানুষের সেবার কোনও শেষ নেই, যে কোনও ক্ষেত্রেই কল্যাণের কাজ করার সুযোগ আছে। রাজ্যের চলচ্চিত্র শিল্পের প্রতি তাঁর বিশেষ আবেগ রয়েছে এবং ভবিষ্যতে এই শিল্পের জন্য কাজ করতে চান তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পর কোয়েল জানান, মানুষের মঙ্গল, বাংলার উন্নয়ন এবং দেশের কল্যাণে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য।
