কলকাতায় সাম্বা ঝড়, বিশেষ দায়িত্বে বিজয়ন-ব্যারেটো, বিনামূল্য়ে টিকিট পাবেন কারা?
সংবাদদাতা, কলকাতা: হাতে আর মাত্র একদিন। শনিবার কলকাতায় ভারত বনাম ব্রাজিলের মেগা ম্যাচ। আর এই ম্য়াচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। ভারতের মাটিতে এই প্রথমবার খেলতে নামছে ব্রাজিলের সিনিয়র দল। ম্যাচ শুরুর আগে অফিসিয়াল ম্যাচ বল হাতে যুবভারতীতে প্রবেশ করবেন ভারতের কিংবদন্তি ফুটবলার আই এম বিজয়ন ও জোসে ব্যারেটো। ঐতিহাসিক এই ম্যাচের শুভেচ্ছাদূত তাঁরাই। কলকাতার, বিশেষ করে মোহনবাগান সমর্থকদের নয়নমণি ব্যারেটো। দুই তারকাই এমন একটি বড় ফুটবল-উৎসবে শামিল হতে পেরে উচ্ছ্বসিত ও অভিভূত।
বুধবার রাতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। আসন্ন দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের প্রস্তুতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দেন। বুধবার গভীর রাতে স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়ামন্ত্রী। ব্রাজিল দল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে পৌঁছচ্ছে। বিমানবন্দর থেকে টিম হোটেল পর্যন্ত পথে থাকছে কড়া নিরাপত্তা।
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের উদ্যোগে আইএফএ-র রেজিস্টার্ড সব ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ফুটবলারদের বিনামূল্যে টিকিট দেওয়া হবে। এ ছাড়া একটি বিপণন সংস্থা সমর্থকদের জন্য বিশেষ অফার এনেছে: ডিস্ট্রিক্ট অ্যাপে দুটি টিকিট কেটে অফার সেকশনে কোড দিলে একটি টিকিটের দাম মকুব হবে। তবে শোনা যাচ্ছে, টিকিটের চাহিদা খুব বেশি নেই। নিউটাউনের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন শুরু করে দিয়েছে খালিদ জামিলের দল। বৃহস্পতিবারের অনুশীলন হবে বন্ধ দরজার পিছনে। দলের বাংলার সদস্য রহিম আলি আত্মবিশ্বাসী সুরে বলেছেন, কোচ যদি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে আটকানোর দায়িত্ব দেন, তিনি তা পারবেন।
এদিকে শহরে পৌঁছে গিয়েছে উরুগুয়ে দলও। বুধবার কলকাতায় এসে কোচ দিয়েগো ফোরলানের সঙ্গে হালকা আলোচনার পর কয়েকজন ফুটবলার সুইমিং পুলে যান, কয়েকজন যান জিমে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যাঁরা খেলেছেন, তাঁদের রিকভারি সেশনে পাঠান ফোরলান। যাঁরা খেলেননি, তাঁদের মধ্যে পাঁচজন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনে নামেন।
