কেবিসির সেটে পড়ে হাঁটুতে চোট পেলেন অমিতাভ বচ্চন
মুম্বই:‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং চলাকালীন আচমকাই পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেলেন অমিতাভ বচ্চন। ঘটনাটি ঘটে আগের দিনের শুটিংয়ে। পরের পর্বে তাঁর চেনা ভঙ্গিতেও দেখা গেল পরিবর্তন। সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে উদ্বোধনী মনোলগ শুরু করেন বিগ বি। কিন্তু চোটের কারণে এবার তাঁকে বসেই অনুষ্ঠান শুরু করতে হয়।
নিজেই তিনি দর্শকদের জানান, তাঁর বাঁ হাঁটুতে চোট লেগেছে এবং দাঁড়াতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে আঘাত গুরুতর নয় বলেও আশ্বস্ত করেছেন তিনি। শারীরিক অস্বস্তি সত্ত্বেও শুটিং চালিয়ে গিয়েছেন ৮৩ বছরের অভিনেতা।
অমিতাভের হঠাৎ এই চোটের খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। তবে আপাতত কাজ চালিয়ে যাচ্ছেন বিগ বি। কেবিসির মঞ্চেও তাঁর সেই পেশাদারিত্বের ছাপ দেখে মুগ্ধ দর্শকরা।
