বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কেমন আছে সাউথ পয়েন্টের আহত ছাত্র?‌ পড়ুয়াদের মনস্তত্ব নিয়ে উদ্বেগ স্কুল শিক্ষামন্ত্রীর

01 October, 2026 7:02 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:‌ স্কুল চলাকালীন সময়ে সহপাঠীকে ছুরি মারার ঘটনায় শিরোনামে উঠে এসেছে সাউথ পয়েন্ট স্কুল। এই রক্তারক্তিকাণ্ড নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজ্যজুড়ে। পড়ুয়াদের মধ্যে হিংসা, অসহিষ্ণুতা, আক্রমণাত্মক মনোভাব বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন মনোববিদরাও। এর মধ্যেই বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের মনস্তত্ব বিষয়ে সমাজতত্ত্ববিদ ও বিশেষজ্ঞদের নজর দেওয়ার আর্জি জানালেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। বললেন, ‘‌যা ঘটেছে তা অত্যন্ত অনভিপ্রেত ও উদ্বেগজনক। স্কুলের বাচ্চাদের মধ্যে বই ছেঁড়া সাধারণ বিষয়। কিন্তু তার পরিণতি কীভাবে সহপাঠীর উপর ছুরি চালানো হতে পারে, তা প্রশ্ন তুলে দিচ্ছে। আমাদের ভাবতে হবে বাচ্চাদের মনস্তত্ত্ব কোথায় যাচ্ছে এবং কেন এই আগ্রাসন বাড়ছে। এই বিষয়ে শুধু বিদ্যালয় শিক্ষাদপ্তর নয়, সমাজতত্ত্ববিদ এবং বিশেষজ্ঞদেরও এগিয়ে আসতে হবে এবং সঠিক পরামর্শ দিতে হবে।’‌
এদিকে ছুরির আঘাতে জখম ক্লাস নাইনের ছাত্রটি বুধবারের ঘটনার পর থেকেই ভর্তি রয়েছে বাইপাস লাগোয়া রুবি জেনারেল হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, গলা এবং বাঁ হাতের বেশ কয়েকটি আঙুলে গভীর ক্ষত রয়েছে ছাত্রটির। যে কারণে অস্ত্রোপচারও করতে হয়েছে তার। প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জন ডাঃ দীপাঞ্জন দে অস্ত্রোপচারের সময় দেখতে পান, পড়ুয়ার গলায় গভীর ক্ষত রয়েছে। যা মুখের দিক পর্যন্ত চলে গিয়েছে। আঘাত লেগেছে ক্ষতটির নীচের পেশিতেও। এছাড়াও তার বাঁ হাতের তর্জনীতেও গভীর আঘাত রয়েছে। অন্য কয়েকটি আঙুলও জখম হয়েছে। এখনও বেশ কয়েকদিন ছাত্রটিকে হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হতে পারে।
এদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, আহত পড়ুয়ার বাবা–মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। স্কুল স্বাভাবিকভাবেই চলছে। অভিযুক্ত ছাত্রকে আপাতত বাড়িতে রাখার এবং কোনও পেশাদার মনোবিজ্ঞানীকে দিয়ে কাউন্সেলিং করানোর পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ঘটনার পরই স্কুলের পক্ষ থেকে গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, অভিযুক্ত ছাত্র ‘অটিস্টিক’। স্কুলে বেশ কিছু স্পেশাল চাইল্ড রয়েছে। তাদের নিয়মিত কাউন্সেলিং করেন স্পেশাল এডুকেটররা। এদিকে আক্রান্ত ছাত্রের পরিবারের প্রশ্ন, স্পেশাল চাইল্ড হলে অভিযুক্ত কী করে খুনের পরিকল্পনা করে? তদন্তকারীরা শিক্ষক ও অন্য ছাত্রদের জিজ্ঞাসাবাদ করছেন।
কেন আচমকাই এ ধরণের ঘটনা ঘটিয়ে ফেলল অভিযুক্ত ছাত্রটি?‌ ক্লাসের অন্য কয়েকজন পড়ুয়ার দাবি, অভিযুক্ত পিপার স্প্রে নিয়ে সবার চোখেমুখে দিচ্ছিল। আক্রান্ত ছাত্রটি এই ব্যাপারে ক্লাস টিচারের কাছে অভিযোগ জানায়। তার জেরেই এই প্রতিশোধের চেষ্টা। স্কুলের দাবি, হামলাকারী ছাত্রটিকে ঘটনার পরেই ক্লাসরুম থেকে সরিয়ে নেওয়া হয়। স্কুলের মনস্তত্ত্ববিদরা অভিযুক্ত ছাত্রের কাউন্সেলিং করেন। তখনই তাঁরা পরিকল্পনা করে খুনের চেষ্টার বিষয়টি জানতে পারেন। পরে অভিযুক্ত ছাত্রর বাবা তাকে বাড়িতে নিয়ে যান।
এদিকে পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ আহত ছাত্রের বাবা বলেছেন,‘‌শাস্তি নয়, সংশোধন চাই। শাস্তি কোনও সমাধান নয়। অভিযুক্ত ছাত্র যাতে সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরে আসে, যাতে আর এরকম ঘটনা না ঘটায়, সেটা চাই। একটা সুযোগ দিতে চাই যাতে ছাত্রটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।’‌ যদিও ঘটনার পরই গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ছাত্রের মা। সেই অভিযোগের ভিত্তিতে হামলাকারী ছাত্রের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। জানা গেছে, জুভেনাইল জাস্টিস বোর্ডে এই ঘটনার রিপোর্ট পেশ করা হবে।

ঘটনায় আতঙ্কিত এবং হতবাক সাউথ পয়েন্ট স্কুলের প্রাক্তনীরাও। ২০০৪ সালে এই স্কুল থেকে দ্বাদশ পাশ করেছিলেন শুভ্রাংশু মুখোপাধ্যায়। বর্তমানে জার্মানির মিউনিখ প্রবাসী। পেশায় ইঞ্জিনিয়র। বললেন, ভেবে অবাক লাগছে স্কুলের ভেতরে কীভাবে এরকম একটি ঘটনা ঘটতে পারে? একটা সময় এই স্কুল ছিল আমাদের গর্ব। ছাত্র সমাজের মধ্যে এত হিংসা কোথা থেকে আসছে? আমরা এ ধরণের ঘটনা ঘটানোর কথা কখনও ভাবতেও পারিনি। স্কুলের কন্ট্রোলই বা কাদের হাতে রয়েছে জানি না। কলকাতা থেকে এতদূরে থেকেও ঘটনার কথা শুনে শিউরে উঠছি। নিজের স্কুলে এরকম মর্মান্তিক ঘটনা ঘটতে পারে কখনও আশা করিনি।

প্রতিবেদন

Lopa Bhowmik