হুমায়ুনের বিরুদ্ধে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ
সংবাদদাতা, দুর্গাপুর: খাটে শোয়ানো হুমায়ুন কবীরের কুশপুত্তলিকা। সামনে কালো পতাকা হাতে বিজেপি যুব মোর্চার কর্মীরা। সিটি সেন্টার বাসস্ট্যান্ড চত্বর ঘুরিয়ে সেই কুশপুত্তলিকাতেই পড়ানো হল জুতোর মালা। এরপর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতেই প্রতীকীভাবে ‘কবর’ দেওয়া হল কুশপুত্তলিকাটিকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে হুমায়ুন কবীরের বিরুদ্ধে মৃত্যু কামনার অভিযোগ তুলে মঙ্গলবার দুর্গাপুরে এমনই অভিনব প্রতিবাদে সরব হল বিজেপি যুব মোর্চা।
এদিন সিটি সেন্টার বাসস্ট্যান্ড চত্বরে জমায়েত করেন বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকেরা। খাটে করে কুশপুত্তলিকা নিয়ে এলাকা ঘোরানোর পাশাপাশি হাতে কালো পতাকা নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। পরে কুশপুত্তলিকায় জুতোর মালা পরিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।
তাঁদের দাবি, কেন এই ধরনের মন্তব্য করা হয়েছে, তার জবাব দিতে হবে হুমায়ুন কবীরকে। পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি তোলা হয়। মোর্চার হুঁশিয়ারি, এই বিষয়ে ক্ষমা না চাওয়া হলে আগামীতে আন্দোলনের উত্তাপ আরও বাড়বে।
বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভম সিং বলেন, “রাজনীতিতে মতভেদ থাকবে, তর্ক-বিতর্ক হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। হুমায়ুন কবীরের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি তাঁকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। তা না হলে আগামী দিনে এর বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন হবে।”
