বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পিণ্ডদান করতে যাওয়ার পথে জ্বলে উঠল পুণ্যার্থীদের বাস

26 September, 2026 5:13 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা,খাগড়িয়া: বিহারের খাগড়িয়া জেলায় ৩১ নম্বর জাতীয় সড়কে শনিবার সকালে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। নেপাল থেকে বাসে চেপে বিহারের গয়ায় পিণ্ডদান করতে যাচ্ছিলেন  ৬০ জন যাত্রী। কিন্তু গয়া পৌঁছনোর আগেই খাগড়িয়া জেলার মানসি থানা এলাকার জাতীয় সড়কে অনীল হোটেলের সামনে আচমকাই তাঁদের চলন্ত বাসে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনের হাত থেকে রক্ষা পেতে বাসের জানালা দিয়েই লাফিয়ে রাস্তায় নামেন যাত্রীরা। ফলে এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সবাই। পুলিশ সূত্রের খবর, নেপাল থেকে পুণ্যার্থীদের নিয়ে বাসটি যখন মানসি থানার কাছ দিয়ে যাচ্ছিল, তখন বাসের একটি চাকা থেকে হঠাৎ পোড়া গন্ধ এবং ধোঁয়া বের হতে শুরু করে। শুরুতে যাত্রীরা চলন্ত বাসের ধোঁয়ার কারণ বুঝতে পারেননি। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই ধোঁয়া থেকেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। বিপদ বুঝতে পেরে প্রাণ বাঁচাতে যাত্রীরা বাসের জানালা দিয়ে হুড়মুড় করে বাইরে লাফ দিতে শুরু করেন। যাত্রীরা বাস থেকে নিচে নেমে আসার কয়েক মিনিটের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন এত দ্রুত বাসটিকে গ্রাস করে নেয় যে কয়েক মুহূর্তের মধ্যেই পুরো বাসটি আগুনের গোলায় পরিণত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মানসি থানার পুলিশ ও দমকল বাহিনী। তবে ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে যায়। খাগড়িয়া জেলা পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, চলন্ত বাসের চাকার যান্ত্রিক ত্রুটি কিংবা চাকা অতিরিক্ত গরম হয়ে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দেয় বাসের ভেতরে থাকা রান্নার গ্যাসের ৩-৪টি সিলিন্ডার।  যাত্রার দীর্ঘ পথের সুবিধার্থে যাত্রীরা রান্নার ব্যবস্থা হিসেবে ওই সিলিন্ডারগুলি সঙ্গে  নিয়েছিলেন। যাত্রীরা জানালা দিয়ে নেমে আসার পরই একে একে সেই সিলিন্ডারগুলিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার ফাটায় পুরো বাসটি পলকে পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ ও স্থানীয় উদ্ধারকারী দল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ঘটনাটির পেছনে অন্য কোনও গাফিলতি আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিবেদন

Lopa Bhowmik