বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনায, মৃত ১৪, নিহতদের মধ্যে শীর্ষ দুই সেনা কর্তা

26 September, 2026 5:11 PM UTSAB RC
শেয়ার করুন

কঙ্গো: কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা। শুক্রবার সেনাবাহিনীর একটি বিমান পাহাড়ের উপর ভেঙে পড়ে আগুন ধরে যাওয়ায় প্রাণ হারিয়েছেন মোট ১৪ জন, যাঁদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর দুই শীর্ষ আধিকারিকও। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি দক্ষিণ-পশ্চিম কঙ্গোর কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। এর জেরে পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে পাহাড়ের উপর তুলনামূলক সমতল একটি জায়গা বেছে নিয়ে জরুরি অবতরণের চেষ্টা করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। কেঙ্গে এলাকার কাছে ভয়ংকরভাবে ভেঙে পড়ে বিমানটি, সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যায় গোটা বিমানে।

কঙ্গোর সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফমি আকেঙ্গে সরকারিভাবে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে রয়েছেন সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালাই তিয়েন্দে, এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া। এই দুই পদস্থ কর্তা ছাড়াও বিমানের পাইলট ও ক্রু সদস্যরাও প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনায়। কী কারণে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই অস্থিরতার মধ্যে রয়েছে কঙ্গো। দেশের পূর্বাঞ্চলে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠীসহ একাধিক সশস্ত্র বিদ্রোহী দলের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে কঙ্গোর সেনাবাহিনী। এই সংঘর্ষে ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এই বিমান দুর্ঘটনা এবং দুই শীর্ষ আধিকারিকের মৃত্যু দেশের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলল বলেই মনে করা হচ্ছে।

প্রতিবেদন

UTSAB RC