একের পর এক কামড়, পাগলা কুকুরের তাণ্ডবে আতঙ্ক হবিবপুরে
সংবাদদাতা, হবিবপুর: হবিবপুর থানার অন্তর্গত আইহো অঞ্চলের একাধিক গ্রামে একটি কুকুরের তাণ্ডবে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ছাতিয়ানগাছি থেকে শুরু করে ঘোষপাড়া ও চাঁদপাড়া অঞ্চলের একের পর এক এলাকায় আক্রমণ চালায় কুকুরটি। স্থানীয় সূত্রে খবর, কুকুরটির কামড়ে ৮ থেকে ১০ জন বাসিন্দা আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে আইহো পঞ্চায়েত এলাকা জুড়ে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বিবরণ, এদিন সকাল থেকেই কুকুরটি ছাতিয়ানগাছি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। কিন্তু আচমকাই কুকুরটি পথচলতি মানুষ এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দাদের দিকে তেড়ে গিয়ে কামড়াতে শুরু করে। পথচারীরা কিছু বুঝে ওঠার আগেই একের পর এক মানুষ তার আক্রমণের শিকার হন। ছাতিয়ানগাছি পার হয়ে কুকুরটি ঘোষপাড়া ও চাঁদপাড়া এলাকাতেও একইভাবে বেশ কয়েকজনকে কামড় দেয়। কুকুরের আক্রমণের শিকার হওয়ার পর রক্তাক্ত অবস্থায় আহতদের তড়িঘড়ি চিকিৎসার জন্য বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, হাসপাতালে আসা সমস্ত আহত ব্যক্তিকেই প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় জলাতঙ্ক নিরোধক ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত কতটা গুরুতর তা দেখে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সকলেই সুস্থ আছেন। ঘটনার পর পুলিশ ও পঞ্চায়েত প্রতিনিধিকে খবর দেওয়া হলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত কুকুরটিকে ধরা বা আটক করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে ক্ষিপ্ত কুকুরটি। যার ফলে যে কোনও মুহূর্তে ফের হামলার ঘটনা ঘটতে পারে। শিশু ও প্রবীণদের নিরাপত্তার কথা ভেবে ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছেন এলাকাবাসী। ছাতিয়ানগাছি ও ঘোষপাড়ার বাসিন্দাদের দাবি, অবিলম্বে ব্লক প্রশাসন ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের যৌথ উদ্যোগে ক্ষিপ্ত কুকুরটিকে চিহ্নিত করে নিরাপদে খাঁচাবন্দি বা স্থানান্তরিত করার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, আহতরা যাতে হাসপাতালে সমস্ত জরুরি ভ্যাকসিন ও ওষুধ বিনামূল্যে পান, সে বিষয়ে নজরদারি চালানোর আবেদন জানানো হয়েছে।
