শক্তি হারালেও শুক্রে নিম্নচাপের জেরে ভিজবে দক্ষিণবঙ্গ, উপকূলের তিন জেলায় কমলা সতর্কতা
সংবাদদাতা, কলকাতা: বুধবার গভীর রাতেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল সংলগ্ন এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ। তার জেরে রাজ্যজুড়ে ভারী বর্ষণ। কলকাতা ও পাশ্ববর্তী এলাকাতেও ভারী বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারাতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় এটি আরও দুর্বল হবে। তবে এর রেশে — শুক্রবারও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি চলবে। কলকাতার বেশ কিছু অঞ্চলও ভিজবে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার সকাল থেকেই কলকাতা ও শহরতলির বিভিন্ন অঞ্চলে খেপে খেপে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা, ঝোড়ো হাওয়াও চলছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তিনটি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা — পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বর্ষণের আশঙ্কা, দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টি । উপকূলবর্তী এই তিন জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমেও। শনিবার থেকে বৃষ্টি কমার ইঙ্গিত মিলেছে, ওই দিন থেকে দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় সতর্কতা নেই।
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর কলকাতার সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম।
আরও পড়ুন: রিম্বিতে ভারী বৃষ্টির জেরে ভূমিধস, নামছে কাদা, পাথর, বিপর্যস্ত বাড়ি, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও
নিম্নচাপের জেরে গত তিন দিন ধরে সমুদ্র উত্তাল। বৃহস্পতিবার বিকেলে দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় ১৪ বছরের এক কিশোরী। হাওয়া অফিসের খবর, সমুদ্রে ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে, দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির প্রভাব থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা, জলপাইগুড়িতে রয়েছে অতিভারী বর্ষণের সতর্কতা। কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
