রিম্বিতে ভারী বৃষ্টির জেরে ভূমিধস, নামছে কাদা, পাথর, বিপর্যস্ত বাড়ি, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও
সংবাদদাতা, শিলিগুড়ি: টানা ভারী বৃষ্টিতে পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে বৃহস্পতিবার রাতে ভয়াবহ ভূমিধস নেমে আসে। প্রবল জলের তোড়ে ভেঙে পড়ে প্রায় ৩০টি বাড়ি। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা কাদা, পাথর ও ধ্বংসস্তূপে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি The Anchor Bengal।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটানা বৃষ্টির কারণে পশ্চিম সিকিমের এই অঞ্চলে বড়সড় ধস নামে। রিম্বি গ্রামের একাধিক বাড়ি, সরকারি আবাসন এবং অন্যান্য সম্পত্তি জলের তোড়ে ভেসে গিয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট — সাতটি বাড়ি এবং বিদ্যুৎ দপ্তরের ছ’টি কোয়ার্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাদা ও ধ্বংসাবশেষের চাপে। সংবাদসংস্থা এএনআই-এর প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিশাল গাছের গুঁড়ি, ডালপালা এবং বাড়ির টিনের চাল জলের স্রোতে ভেসে যাচ্ছে।
#WATCH | Sikkim | A major landslide in the Rimbi area has left more than 30 houses affected. The incident was triggered by heavy mudslides and debris coming down from the upper slopes, sending large quantities of mud, rocks and other debris towards the lower areas
(Video source:… pic.twitter.com/5rhBlSoiTB
— ANI (@ANI) September 25, 2026
স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেছে। এখনও পর্যন্ত ১২৮ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধসের প্রভাবে গ্রামের স্বাভাবিক যান চলাচলও ব্যাহত হয়েছে — রিম্বি-খেচুপেরি সড়ক কাদা ও পাথরে সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। বৃষ্টি থামছে না বলে উদ্ধারকাজ ও রাস্তা মেরামতির কাজেও দেরি হচ্ছে।
সার্বিকভাবে সিকিমের একাধিক এলাকা অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত। ১০ নম্বর জাতীয় সড়কের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। সিংটাম ও গ্যাংটকের মধ্যে যোগাযোগ ব্যবস্থাতেও বিঘ্ন ঘটেছে। প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। বিশেষ করে ধস-প্রবণ পাহাড়ি এলাকাগুলিতে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
