বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কলকাতা পুরসভায় ঘর পেলেন, দায়িত্ব নিয়েই বড় ঘোষণা কার্তিক মহারাজের

21 September, 2026 6:56 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: কলকাতা পুরসভায় আনুষ্ঠানিকভাবে নিজের ঘর পেলেন রাজ্য সরকার গঠিত ‘রোড রি-নেমিং কমিটি’ বা রাস্তা পুনর্নামকরণ মূল্যায়ন কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান, ভারত সেবাশ্রম সংঘের পদ্মশ্রী প্রাপক সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত। সোমবার পুরসভা ভবনে গেরুয়া রঙে সাজানো টেবিলযুক্ত ঘরে প্রথমবার বসেন কার্তিক মহারাজ। প্রথম দিনেই শহরের বেশ কিছু ঐতিহাসিক ও ব্যস্ত রাস্তার নাম বদলের প্রস্তাব খতিয়ে দেখার কথা জানিয়ে দিয়েছেন তিনি। তা হলে কি এবার সব পুরনো রাস্তার নাম পরিবর্তিত হবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়ে গিয়েছে।

কলকাতা-সহ গোটা রাজ্যে রাস্তার নাম সংশোধন, পরিবর্তন ও নতুন নামকরণের জন্য ১০ সদস্যের উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটি গড়েছে রাজ্য সরকার। কমিটির প্রধান কার্তিক মহারাজ। সদস্যদের মধ্যে রয়েছেন সুব্রত গুপ্ত, প্রাক্তন রাজ্যপাল তথা বর্ষীয়ান নেতা তথাগত রায় এবং একাধিক সরকারি দফতরের উচ্চপদস্থ সচিব। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জাতীয় চেতনার বিষয় বিবেচনা করেই কোনও স্থানের নাম চূড়ান্ত করা হবে।

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সংবাদমাধ্যমের সামনে একাধিক আলোচিত প্রস্তাবের কথা জানান কার্তিক মহারাজ। তাঁর কথায়, বিশ্ব বাংলা সরণি, লেনিন সরণি, কার্ল মার্কস সরণি এবং পার্ক সার্কাস সেভেন পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলের প্রাথমিক প্রস্তাব তাঁর দফতরে পৌঁছেছে। এ ছাড়া নিহত আইপিএস অফিসার বিনোদ মেহতার স্মৃতিতে একটি রাস্তার নামকরণের আর্জিও জমা পড়েছে। তিনি বলেন, “আগামীদিনে কলকাতার সমস্ত বিতর্কিত ও পুরনো রাস্তার নামকরণ হবে ভারতের মহান মনীষীদের নামানুসারে ও ভারতের সনাতনী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে।” সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, শহরে কোনও মুঘল, পাঠান বা অত্যাচারী ব্রিটিশ শাসকের নামে স্থাপত্য বা রাস্তা থাকবে না, এবং ভগিনী নিবেদিতা ছাড়া কোনও বিদেশির নামও রাখা হবে না। সেই সুরেই কার্তিক মহারাজ বলেছেন, পুরসভার এই ঘর থেকেই সাধারণ মানুষ ও সামাজিক সংস্থা নাম পরিবর্তনের প্রস্তাব জমা দিতে পারবেন। খুব শীঘ্রই সব ফাইল খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিটি।

রাজ্যে রাস্তা বা সরণির নাম বদল নিয়ে অতীতে একাধিকবার রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক হয়েছে। পার্ক সার্কাসের ‘সুরাবর্দি অ্যাভিনিউ’-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ করার প্রস্তাব তার একটি উদাহরণ। বীরভূমের রামপুরহাটে ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম বদলে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’ করার প্রস্তাব নিয়েও ব্যাপক আলোচনা ও বিতর্ক হয়েছিল। নবান্ন সূত্রের খবর, ভবিষ্যতে রাস্তা, সেতু বা গুরুত্বপূর্ণ জনপরিসরের নামকরণ বা নাম বদলের আগে যাতে সব দিক যাচাই করা যায়, সেই লক্ষ্যেই নতুন কমিটি গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

প্রতিবেদন

UTSAB RC