বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

হাওড়া স্টেশনে উদ্ধার ৬৭ লক্ষ টাকা, গ্রেপ্তার ১

21 September, 2026 4:19 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, হাওড়া: শহর জুড়ে উৎসবের মরশুমের মুখেই হাওড়া রেল স্টেশনে ফের উদ্ধার হল লক্ষাধিক টাকা। সোমবার স্টেশনে নিয়মিত টহল দেওয়ার সময় আরপিএফ-এর সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চ-এর একটি বিশেষ দল এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার করল নগদ প্রায় ৬৭ লক্ষ টাকা। নির্দিষ্ট কোনও বৈধ নথি বা কারণ দেখাতে না পারায় ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ হেফাজতে নেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি জানানো হয়েছে আয়কর দফতরে।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো সিআইবি দলের সদস্যরা হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরে টহল দিচ্ছিলেন। সেই সময় এক যাত্রীর গতিবিধি দেখে আধিকারিকদের সন্দেহ হয়। তাঁর কাছে থাকা বড় ব্যাগটি এবং ঘনঘন অবস্থান পরিবর্তনের পাশাপাশি বারংবার পিছু ফিরে তাকানোর মতো আচরণ দেখে সন্দেহ আরও বাড়িয়ে তোলে। সিআইবি আধিকারিকেরা দেরি না করে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। কথোপকথনের সময় তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়লে সিআইবি সদস্যরা তাঁর সঙ্গে থাকা ব্যাগটিতে তল্লাশি চালান। ব্যাগ খুলতেই দেখা যায় থরে থরে সাজানো নগদ নোটের বান্ডিল। পরবর্তীতে ব্যাঙ্ক আধিকারিক ও বিশেষজ্ঞদের ডেকে নোট গোনার মেশিন নিয়ে এসে দেখা যায়অর্থের পরিমাণ ৬৬ লক্ষ ৯৯ হাজার টাকা বা প্রায় ৬৭ লক্ষ টাকা। আটক হওয়া ওই ব্যক্তির পরিচয় জানা গিয়েছে সুজিত কোলে। তিনি মূলত মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা।

আরও পড়ুন: কলকাতা পুরসভার সেন্ট্রাল সার্ভারে সাইবার হামলা

প্রাথমিক জেরায় সুজিত জানান, তিনি মুম্বই মেল ধরে হাওড়া এসে পৌঁছেছিলেন। তাঁর দাবি, বিহারের গয়া টাউনশিপ এলাকায় তাঁর নিজস্ব একটি ব্যবসা বা দোকান রয়েছে। মধ্য কলকাতার বড়বাজার এলাকা থেকে সোনা ও রুপোর গয়না কেনার উদ্দেশ্যে তিনি এই বিপুল পরিমাণ টাকা সঙ্গে নিয়ে এসেছিলেন। তবে এত বড় অঙ্কের টাকা থাকা সত্ত্বেও টাকার কোনো বৈধ উৎস, ব্যাংকিং চালান বা ব্যবসার উপযুক্ত নথিপত্র তিনি আধিকারিকদের সামনে দেখাতে পারেননি। ফলে তাঁর দাবি বিশ্বাসযোগ্য মনে না হওয়ায় আরপিএফ তাঁকে এবং উদ্ধার হওয়া নগদ অর্থ নিজেদের নিরাপত্তায় নেয়। বর্তমানে উদ্ধার হওয়া সমস্ত টাকা কড়া নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে। আয়কর দফতরের কর্তারা এসে পৌঁছালে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এই অর্থ তাঁদের হাতে তুলে দেওয়া হবে। আয়কর আধিকারিকরা এখন খতিয়ে দেখবেন এই অর্থের মূল উৎস কোথায় এবং কিসের উদ্দেশ্যে এত নগদ টাকা কলকাতায় আনা হয়েছিল। তদন্তকারী দলের একাংশের অনুমান, আটক ব্যক্তি মূল চক্রী নন, তিনি হয়তো মোটা অঙ্কের কমিশনের বিনিময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পৌঁছে দেওয়ার কাজ করছিলেন। তবে আয়কর দফতরের পূর্ণাঙ্গ তদন্তের পরেই এই ঘটনা সংক্রান্ত আসল তথ্য ও যোগসূত্র স্পষ্ট হবে।

ট্যাগ: Howrah Arrest
প্রতিবেদন

UTSAB RC