বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

অনুভূতির ‘নিষিক্ত’ ভাষা

19 September, 2026 6:18 PM Lopa Bhowmik
শেয়ার করুন

আশিস চট্টোপাধ্যায়

গোবরডাঙার শিল্পায়ন স্টুডিও থিয়েটারে সম্প্রতি মঞ্চস্থ হল বৃত্তান্ত নাট্যপরিবার প্রযোজিত এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায় রচিত , নির্দেশিত নাটক ‘নিষিক্ত’। এই নাটকের প্রযোজনার বিষয়ে  বলতে গেলে সবার আগে উল্লেখ করতে হয় নাটকের ভাবনা, লিখন শৈলী, নির্দেশনা ,মঞ্চ সাজ, আলো, আবহের কথা। সেই সঙ্গে অবশ্যই উল্লেখযোগ্য নাটকের দুটি চরিত্র প্রভাতী এবং ইমন। অভিনয়ে যথাক্রমে অভিনয়ে চয়নিকা বন্দোপাধ্যায় এবং প্রতাপ বন্দোপাধ্যায়। এই চরিত্র দুটি মঞ্চে একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। দুই অভিনয় শিল্পীর সহজ অথচ আন্তরিক অভিনয় শৈলী  মৌলিকতা দাবি করে। টানটান প্রযোজনার গুণে জীবন নাট্যের ছন্দময় রূপ কখনও ছন্দ হারায় আবার কখনওবা সময় পথের পথিক হয়ে যাপন ক্ষেত্রকে যাবতীয় টানাপোড়েনের মধ্যে দিয়ে সদর্থক রূপে রূপময় করে তোলে। লেখক চরিত্রে ইমন আচার্য তার লেখার নারী চরিত্র রূপে স্ত্রী প্রভাতীকে পেতে চায়। কিন্তু কালি ও কলমের কথা বাস্তবের জীবন খাতার প্রভাতীতে বিলীন হতে পারে না। জীবনের ছায়া পথের পাথেয় কুড়োতে গিয়ে সম্পর্কের আঙ্গিক কখনও আকাঙ্ক্ষা পূরণের অন্তরায় হয়ে ওঠে, আবার কখনও তা পরিপূরক রূপ নেয়। অন্যদিকে চলা পথের চলনে প্রভাতীর হাত ধরেই হাতেখড়ি হয় জীবন নাট্যের অজানা এক পান্ডুলিপির। ঘাত-প্রতিঘাতের আবর্তনে বিবর্তিত ভালোবাসার বহর বর্ধিত হয়ে বরাভয় সম সহজিয়া হতে চায়। আলো-আঁধারির পূর্ণবৃত্ত চলমান হয় চালচিত্রের চিত্রনাট্যে। ইচ্ছে টানের ঐচ্ছিক গতি ইচ্ছে জাগায়, সুপ্ত বোধের বোধদয় বোধ হয়। ঘটে যাওয়ার বাধ্যতার নিয়ত বাঁধনে টান পড়ে রূপকথার ফিনিক্স পাখির মত ভষ্মীভূত হয় প্রবাহ নাট্য। কিন্তু তবু জেগে থাকে প্রেম। এখানে বলতেই হয় চয়নিকা বন্দোপাধ্যায়ের বাচন শৈলী এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের শরীরি ছন্দ এই নাটককে মোহময় রূপে উপলব্ধির এক অন্য স্তরে পৌঁছে দিয়েছে। দর্শককে মুগ্ধ করে এই অসাধারণ মৌলিক প্রযোজনাটি। শেষ হয়েও যেন এই নাটকের ভাব শেষ হয় না, থেকে যায় অনুভূতির গভীরে।

প্রতিবেদন

Lopa Bhowmik