বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

অস্কার-এ ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত মারাঠি ছবি ‘গোন্ধল’

18 September, 2026 5:15 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মুম্বই: আগামী ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার ২০২৭)-এর ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে মারাঠি চলচ্চিত্র ‘গোন্ধল’ (Gondhal)। শুক্রবার ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া (FFI)-র তরফে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করা হয়।
সন্তোষ দাভাকর লিখিত ও পরিচালিত এই ছবিটি দেশের ৩৩টি বিভিন্ন ভাষার ছবির মধ্যে সেরা বিবেচিত হয়ে মনোনীত হয়েছে। সিলেকশন কমিটির চেয়ারপার্সন পি শেষাদ্রি জানান, ‘আংঘ’ এবং ‘ইক্কিস’-এর মতো প্রশংসিত ছবিগুলির সঙ্গে টেক্কা দিয়ে ‘গোন্ধল’ তার অনন্য গল্প ও নির্মাণশৈলীর গুণে শীর্ষস্থান দখল করেছে।
কাহিনী ও প্রেক্ষাপট
গোন্ধল মানে একটি লোক নাট্য। যা বিভিন্ন গ্রামীণ উৎসবের অঙ্গ হিসাবে পরিবেশিত হয়। গ্রামীণ মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী নৈশকালীন লোক-অনুষ্ঠান ও নবদম্পতিকে কেন্দ্র করে গড়ে ওঠা এক টানটান থ্রিলার কাহিনী ‘গোন্ধল’। লোকসংস্কৃতি ও সামাজিক টানাপোড়েনের অদ্ভুত মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে।
চলচ্চিত্র উৎসবে ইতিপূর্বেই দারুণ সাড়া ফেলেছে ছবিটি। ৫৬তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে (IFFI) সন্তোষ দাভাকর সেরা পরিচালকের ‘সিলভার পিকক’ পুরস্কার লাভ করেন।
ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন কিশোর কদম, যোগেশ সোহোনি, ইশিতা দেশমুখ, সুরেশ বিশ্বকর্মা প্রমুখ। ‘শ্বাস’ (২০০৫), ‘হরিশ্চন্দ্রচি ফ্যাক্টরি’ (২০০৯) এবং ‘কোর্ট’ (২০১৫)-এর পর ‘গোন্ধল’ হল চতুর্থ মারাঠি ছবি, যা অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করল। ২০২৭ সালের ১৪ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হতে চলেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik