বিজেপি দপ্তরে তৃণমূলের তারক সিং
সংবাদদাতা: ‘পতাকাহীন’রা এলাকায় বদনাম করছে। সেই সঙ্গে পুলিশ মিথ্যা মামলা দিচ্ছে। এই অভিযোগে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানশলের সঙ্গে দেখা করলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তারক সিং। রবিবার দুপুরে রাজ্য বিজেপি–র দপ্তরে অনুষ্ঠিত হয় বিশেষ বৈঠক। ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানশল, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, শশী অগ্নিহোত্রী প্রমুখ। বিজেপি দপ্তরে বিশেষ বৈঠকের জন্য সুনীল বনশালের সঙ্গে দেখা করেন তারক সিং, অমিত সিং, কৃষ্ণা সিংসহ কলকাতা পুরসভার সদ্য প্রাক্তন তিন কাউন্সিলর। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁদের দেখা করা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও তারক সিং জানান, ‘ আমি এসেছি অভিযোগ জানাতে। এলাকায় আমাদের নামে মিথ্যা অভিযোগ করে বদনাম করা হচ্ছে। পুলিশকে জানিয়ে কাজ হয়নি। তাই এসেছি সুনীল বনশালকে জানাতে। তিনি আশ্বাস দিয়েছেন তদন্ত করে দেখবেন।’ এদিকে তারক সিং–কে ঋতব্রত তৃণমূল ঘনিষ্ঠ আখ্যা দেওয়ায় তিনি বলেন, ‘ আমি কোন তৃণমূল এখন এসব কিছু বলব না।’ কোন প্রতীকে ভোটে লড়বেন তিনি? প্রশ্ন করলে তারক সিং জানান, ‘প্রতীক নিয়ে কোনও জটিলতা নেই।’ কিন্তু অভিযোগের কথা কেন জানাননি পুলিশকে? এই প্রশ্নের কোনও সদুত্তর দেননি তারক সিং।
