জুলুমবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ জলপাইগুড়ি স্টেশন বাজারে
সংবাদদাতা, জলপাইগুড়ি: তোলাবাজি ও জোরজুলুমের অভিযোগে কড়া অবস্থান নিল জলপাইগুড়ি টাউন স্টেশন বাজার কমিটি।
ব্যবসায়ীদের অভিযোগ, বিগত দিনে বৃহন্নলা সম্প্রদায়ের কয়েকজন বাজারে এসে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করত। সেই প্রবণতা বন্ধ করতে এবার কড়া নিয়ম জারি করা হল।
বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে স্টেশন বাজারে এসে কোনও ব্যক্তি ব্যবসায়ীদের ওপর জোরজুলুম করতে পারবেন না। বাজার কমিটির সদস্যেদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কমিটির সম্পাদক যোগেন্দ্র রাউত। তাঁর দাবি, সম্প্রতি কয়েকজন বৃহন্নলার বাড়ি থেকে বেআইনি অস্ত্র উদ্ধারের খবর সামনে এসেছে।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই স্টেশন বাজারে জোরজুলুম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজার কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীদের একাংশ।
তাঁদের বক্তব্য, কোনও ব্যক্তি বা গোষ্ঠী জোর করে টাকা আদায় করলে তা বন্ধ হওয়া প্রয়োজন। তবে বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ কোনও সম্প্রদায়কে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। জোর করে টাকা আদায়, হুমকি ও জুলুমের বিরুদ্ধেই এই পদক্ষেপ।
স্থানীয় ব্যবসায়ীদের আশা, বাজার কমিটির এই সিদ্ধান্তের ফলে স্টেশন বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা বাড়বে।
