অন্নপূর্ণা দিবসেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, জানিয়ে দিল নবান্ন
সংবাদদাতা, কলকাতা: আগস্টের কিস্তি পাওয়ার পর এবার রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তা তাকিয়ে আছেন সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকার দিকে। এই নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে সেপ্টেম্বরের টাকা পাঠানো হবে। ওই দিনটিকেই রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালন করা হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের সুবিধা নির্দিষ্ট শর্ত ও যোগ্যতার ভিত্তিতে দেওয়া হচ্ছে। তিনি জানান, আগস্ট মাসেই প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলা এই প্রকল্পের অর্থ হাতে পেয়েছেন, এবং একই নিয়ম মেনে ১৭ তারিখেই সেপ্টেম্বরের কিস্তি পাঠানো হবে।
তবে সমস্যাও থেকে গিয়েছে। সরকারি হিসেব অনুযায়ী প্রায় ১৭ লক্ষ অ্যাকাউন্টে নথিপত্র বা ব্যাঙ্ক সংক্রান্ত নানা গোলযোগ রয়েছে — নাম বা জন্মতারিখের বানানে অমিল কিংবা ব্যাঙ্ক তথ্যের গরমিল থাকলে সেই অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে পারে। এছাড়া অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) সংযুক্ত না থাকলেও টাকা পেতে অসুবিধা হবে। যাঁদের নথি ঠিকঠাক এবং DBT যুক্ত আছে, তাঁদের সেপ্টেম্বরের কিস্তি পেতে কোনও বাধা থাকছে না বলেই সরকারি সূত্রে জানানো হয়েছে।
যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনায় নাম লেখাতে পারেননি, তাঁদের জন্যও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অন্য কোনও জনকল্যাণমূলক প্রকল্পে যোগ্য হয়েও যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁরাও ফের সুযোগ পাবেন। সরকার জানিয়েছে, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে ফের ‘জনকল্যাণ শিবির’ বসবে, যেখানে অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করার সুযোগ থাকবে।
