‘বাক প্রতিমা’র বিশেষ সংখ্যা
নিজস্ব প্রতিনিধি: তপন বন্দ্যোপাধ্যায়। পেশায় ছিলেন প্রাক্তন আমলা। নেশায় লেখক। সতীকান্ত মহাপাত্রের কবিতা সংকলন ‘ভারতবর্ষ’ অনুবাদের জন্য ২০১৯ সালে পান সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার। তিন বছর পর ২০২২–এ ‘বীরবল’ উপন্যাসের জন্য আবারও তাঁকে দেওয়া হয় সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার। বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম সেরা এই লেখককে নিয়ে আন্দামানের প্রখ্যাত ‘বাক প্রতিমা’ পত্রিকা প্রকাশ করতে চলেছে তপন বন্দ্যোপাধ্যায় বিশেষ সংখ্যা। বুধবার সন্ধেয় কলেজ স্ট্রিটের সেন ব্রাদার্স অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে পত্রিকাটির আবরণ উন্মোচন অনুষ্ঠান। পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আরেক বিশিষ্ট সাহিত্যিক ভগীরথ মিশ্র। উপস্থিত থাকবেন ‘বাক প্রতিমা’র সম্পাদক অনাদিরঞ্জ বিশ্বাস। থাকবেন বিশ্বজিৎ পাণ্ডা,দেবাঞ্জন চক্রবর্তী, সসীমকুমার বাড়ৈ, সৈয়দ হাসমত জালাল , স্বপন মুখোপাধ্যায়,ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, অনুপম মুখোপাধ্যায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়,সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, দুর্গাদাস মিদ্যা প্রমুখ। অনুষ্ঠানে সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যয়ের কাছ থেকে জানা যাবে সাহিত্য নিয়ে তাঁর দীর্ঘ গবেষণা ও পথ চলার কথা।
