বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

Kolkata Derby: বড় নামের দর্পচূর্ণ! তারকাসমৃদ্ধ মোহনবাগানকে আটকে ইতিহাস ইস্টবেঙ্গলের জুনিয়রদের

08 September, 2026 1:49 AM Arko Banerjee
শেয়ার করুন

বারাসত: শেক্সপিয়র বলেছিলেন, ‘নামে কী বা আসে যায়!’ সোমবার বারাসতের কাদাভরা মাঠে কথাটা আরও এক বার প্রমাণ করে দিল ইস্টবেঙ্গলের জুনিয়র ব্রিগেড। এক দিকে শুভাশিস বসু, রাহুল ভেকে, মেহতাব সিং, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ কিংবা মনবীর সিংয়ের মতো বড় নাম ও জাতীয় দলের একঝাঁক আন্তর্জাতিক তারকা। অন্য দিকে চাকু মান্ডি, বিজয় মুর্মু, জয় বাজ, আকাশ হেমব্রমদের মতো অনামী কিছু রক্ত। কিন্তু ওই যে—নামে কিচ্ছু আসে যায় না। বড় নামের দর্প চূর্ণ করে, তারকাখচিত প্রথম একাদশের বিরুদ্ধে লড়াই করে ১-১ স্কোরে ম্যাচ ড্র রাখল ইস্টবেঙ্গলের এই তরুণ ব্রিগেড।

অনভিজ্ঞদের লড়াই:

কলকাতা লিগের সুপার সিক্স দুই দলের জন্যই নিশ্চিত হয়ে গিয়েছিল, তাই পয়েন্ট টেবিলের বিচারে এই ডার্বির কোনো ব্যবহারিক গুরুত্ব ছিল না। তবুও ডুরান্ড কাপের ফাইনালে হারের বদলা নিতে পুরো মূল দলের বেশিরভাগ ফুটবলারকেই মাঠে নামিয়ে দিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড।তারপরেও মোহনবাগানকে আটকে দিল ইস্টবেঙ্গলের জুনিয়র ব্রিগেড। বৃষ্টির কাদায় ভারী মাঠে প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সবুজ-মেরুনের হাতেই। ৩৮ মিনিটে লাল-হলুদ রক্ষণ ও গোলকিপার গৌরব সাউয়ের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে অভিজ্ঞ মনবীর সিং গোল করে বাগানকে এগিয়ে দেন।

আরও পড়ুন: কলকাতা লিগের ডার্বিতে মোহনবাগানকে আটকে দিল ইস্টবেঙ্গল

আরও পড়ুন: Kolkata Derby: বারাসতে ডার্বি, কলকাতায় এশিয়ার লড়াই—ইস্টবেঙ্গলের সামনে জোড়া স্বপ্ন

তবে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে বদলে যায় ইস্টবেঙ্গলের জুনিয়র ব্রিগেডের শরীরী ভাষা। জাতীয় দলের ডিফেন্ডার ভেকে-মেহতাবদের প্রতিনিয়ত চাপে ফেলে আক্রমণের ঝড় তোলে বিজয়েরা। ৬৩ মিনিটে চাকুর দূরপাল্লার শট আর উত্তমের হেড বারে না লাগলে তখনই সমতা ফিরত।

অবশেষে ইস্টবেঙ্গলের লাগাতার আক্রমণের তোড়েই ভেঙে পড়ে বাগানের রক্ষণ। ৫৩ মিনিটে চোট পাওয়া মনোতোষের জায়গায় নামেন মহম্মদ বিলাল। বিজয়ের নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে সমতা ফেরান তিনি। এর পর বিজয়ের সুযোগ নষ্ট না হলে বা বিলালের শেষ মুহূর্তের আক্রমণ মিস না হলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত অনভিজ্ঞ ইস্টবেঙ্গল।

ম্যাচের শেষ দিকে মোহনবাগানের সায়নের নিশ্চিত গোল বাঁচান গৌরব। মূল দলকে নামিয়েও জুনিয়রদের হারাতে না পারাটা মোহনবাগানের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। অন্যদিকে, আন্তর্জাতিক তারকাদের মুখোমুখি দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করে আসা লাল-হলুদের তরুণ ফুটবলারেরা প্রমাণ করে দিলেন, বড় নাম নয়—মাঠে আসল কথা বলে খেলার খিদে।

প্রতিবেদন

Arko Banerjee