এনজেপি স্টেশনে পুলিশি অভিযান, উদ্ধার ৩৭ কেজি গাঁজা
সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা অন্য রাজ্যে পাচারের এক বড়সড় পরিকল্পনা ভেস্তে দিল রেল পুলিশ। সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশনে চালানো এক অভিযানে উদ্ধার হলো প্রায় ৩৭ কেজি ৫৮০ গ্রাম গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে এই সফল অভিযানে এক আন্তঃরাজ্য মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম অজয় কুমার সিং (৪২)। তিনি ম বিহারের ভোজপুর জেলার বাসিন্দা।
অভিযুক্ত ব্যক্তি উত্তর-পূর্ব ভারত থেকে এই বিশাল পরিমাণ গাঁজা সংগ্রহ করে ট্রেনের মাধ্যমে বিহার তথা উত্তর ভারতের দিকে পাচারের ছক কষেছিল। খবর পাওয়া মাত্রই পুলিশ কর্মীরা এনজেপি স্টেশনের বিভিন্ন এলাকায় নজরদারি বৃদ্ধি করেন। তল্লাশি চালানোর সময় ৫ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে বিশালাকার দুটি ব্যাগ নিয়ে অত্যন্ত সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় সাদা পোশাকের পুলিশ কর্মীরা অজয় কুমার সিংকে আটক করেন। প্রথমে তাকে নাম-ঠিকানা ও ব্যাগের ভেতরের জিনিসপত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে সে অসঙ্গতিপূর্ণ উত্তর দিতে শুরু করে। এতে পুলিশের সন্দেহ আরও গভীর হয়।
এরপরই তার সঙ্গে থাকা একটি বড় পিঠব্যাগ ও একটি ভারী লাগেজ ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগ দুটি খোলার পরই পুলিশ কর্মীদের চোখ কপালে ওঠে—ভেতরে সুন্দর করে খামে মোড়ানো অবস্থায় ছিল গাজার বিশাল চালান। ঘটনাস্থলেই ব্যাগে থাকা মাদকের ওজন করা হলে দেখা যায়, সেখানে মোট ৩৭ কেজি ৫৮০ গ্রাম গাঁজা রয়েছে। বাজেয়াপ্ত হওয়া এই বিপুল পরিমাণ গাঁজার বর্তমান বাজারমূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে অজয় কুমার সিংকে গ্রেপ্তার করে এনজেপি জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট মাদক আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। এই চক্রের পেছনে আর কারা যুক্ত রয়েছে এবং এই মাদকের উৎস ও চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা জানার জন্য ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। স্থানীয় স্টেশন ও প্ল্যাটফর্মের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
