নেতাজির নামে অপপ্রচার: প্রতিবাদে ৮০০ কিমি যাত্রা প্রবীণের
সংবাদদাতা,নদীয়া: বয়স যে কেবলই একটা সাধারণ সংখ্যা মাত্র তা প্রমাণ করে দিলেন দক্ষিণ ২৪ পরগনার বজবজের ৬৬ বছর বয়সী অসীম হালদার। তাঁর দেশপ্রেমের কাছে হার মানল যাবতীয় শারীরিক প্রতিকূলতা, প্রতিবন্ধতকা। ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে ক্রমাগত চলতে থাকা কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছেন তিনি। তাঁর প্রতিবাদের ভাষা নীরব অথচ জোরালো। জাতীয় পতাকা কাঁধে তুলে নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন এক ঐতিহাসিক পদযাত্রায়। শিরোনাম—‘সাগর থেকে পাহাড়’। তিনি তাঁর এই প্রতিবাদী যাত্রা শুরু করেছেন গঙ্গাসাগরের সমুদ্রতট থেকে। লক্ষ্য, পায়ে হেঁটে পৌঁছবেন দার্জিলিংয়ের ম্যাল পর্যন্ত। এজন্য তাঁকে পাড়ি দিতে হবে প্রায় ৮০০ কিলোমিটার রাস্তা। যাত্রাপথে শনিবার তিনি পৌঁছেছিলেন নদীয়ার শান্তিপুরে। জানালেন, ঝড়–বৃষ্টি হোক বা চাঁদিফাটা রোদ—প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ কিলোমিটার পথ হাঁটছেন তিনি। এমনকী শরীরিক অসুস্থতা বা জ্বরও তাঁকে এই প্রতিবাদী যাত্রা থেকে রুখে দিতে পারেনি। এদিন দক্ষিণ ২৪ পরগণা এবং নদীয়ার নেতাজি অনুগামীরা সম্মান জানান অসীম হালদারকে।
