বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

Bigg Boss: ‘রাত হলেই গিরগিটির মতো রং বদলে যায়’, ভরত কলকে ঘিরে বিস্ফোরক মন্তব্য স্ত্রী জয়শ্রীর

05 September, 2026 3:32 AM Arko Banerjee
শেয়ার করুন

কলকাতা: বিগ বস বাংলার ঘরে ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে ভরত কল। কখনও তনুশ্রী রায় দাসের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা, কখনও আবার তাঁর সিদ্ধান্ত ও কথাবার্তা নিয়ে দর্শকদের একাংশের আপত্তি—বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেতার। এরই মধ্যে সমাজমাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করেছে, ঘরের মধ্যে ভরত যে ভাষা ব্যবহার করছেন, যে ভাবে কথা বলছেন, তা তাঁর পরিবার কী ভাবে দেখছে? সেই আবহেই এবার মুখ খুললেন ভরত কলের স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়।

একটি ভিডিও বার্তায় কার্যত স্বামীর পক্ষ নিয়ে ঘরের অন্য প্রতিযোগীদের আচরণ নিয়েই প্রশ্ন তুলেছেন ভরত ঘরণী।জয়শ্রীর দাবি, যে ঘটনাটি নিয়ে এত আলোচনা, তার শুরুটা ছিল নিছক মজা থেকে। তাঁর বক্তব্য অনুযায়ী, রান্নাঘরে সৃজলা গুহ কাজ করছিলেন। সেই সময় ভরত জয়িতাকে চা করে আনতে বলেন। ঘরে থাকা অন্যরাও মজার ছলে বিষয়টিতে সায় দেন। কিন্তু রাত বাড়তেই নাকি পরিস্থিতির রং বদলে যায়। জয়শ্রীর কথায়, “যেই রাত বাড়ল, ওখানে যারা বসেছিল, তারাই গিরগিটির মতো রং বদলে নিল। আলো নিভতেই সবাই গোলটেবিলে বসে সৃজলার কান ভারী করতে শুরু করল।” তাঁর প্রশ্ন, “এরকম কেন করছ তোমরা? তোমাদের কি ভরতকে ভয় করছে? ও কি একটু বেশিই স্ট্রং?”

আরও পড়ুন: Bigg Boss Season 20: বিগ বসের ঘরে এবার কারা? সলমনের শোয়ে ঢোকার দৌড়ে চমকে দেওয়া সব নাম

আরও পড়ুন: Tanushree Roy Das: শাড়ি বেচতে বেচতেই বিগ বসের ঘরে! ১৬-তে বিয়ে, ১৫ বছরের মেয়ের মা—কে এই তনুশ্রী রায় দাস?

তবে জয়শ্রীর বক্তব্যের সুর শুধু স্বামীর সাফাইতেই আটকে থাকেনি। বরং প্রতিযোগীদের উদ্দেশে খানিকটা কটাক্ষের সুরেই তিনি বলেছেন, “আমি জানি না কেন তোমরা এটা করছ। তবে আমার বেশ মজাই লাগছে। তোমরা এরকম করতে থাকো।” একই সঙ্গে তাঁর কথায়, “তোমরা প্রত্যেকে ভালো করে খেলো। আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা।” জয়শ্রী আরও জানান, তিনি বহুদিনের বিগ বস-ভক্ত হলেও এর আগে এই অনুষ্ঠান নিয়ে প্রকাশ্যে কোনও ভিডিও করেননি। ভরতকে নিয়ে সাম্প্রতিক বিতর্কই তাঁকে প্রথম বার প্রকাশ্যে কথা বলতে বাধ্য করেছে।

বিগ বস বাংলার ঘরে তাই ভরত কলকে ঘিরে উত্তাপ যে আরও বাড়ল, তা বলাই যায়। এক দিকে প্রতিযোগীদের মধ্যে সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে, অন্য দিকে ঘরের বাইরেও সেই ঘটনাগুলি নিয়ে তৈরি হচ্ছে পাল্টা বক্তব্য। ভরত কী বলছেন, অন্যরা কী ভাবে নিচ্ছেন, আর তাঁর পরিবারের প্রতিক্রিয়াই বা কী—সব মিলিয়ে বিতর্ক এখন ঘরের চার দেওয়াল পেরিয়ে বাইরে। আর জয়শ্রীর এই মন্তব্যের পর সেই বিতর্কে নতুন মাত্রা যোগ হল।

প্রতিবেদন

Arko Banerjee