Tanushree Roy Das: শাড়ি বেচতে বেচতেই বিগ বসের ঘরে! ১৬-তে বিয়ে, ১৫ বছরের মেয়ের মা—কে এই তনুশ্রী রায় দাস?
মুম্বই: ইতিমধ্যেই বাংলা বিগ বস (Bigg Boss)-এ নজর কেড়েছেন জলপাইগুড়ির মেয়ে তনুশ্রী রায় দাস (Tanushree Roy Das)। বিগ বসের ঘরে ঢোকার পর থেকেই বুঝিয়ে দিয়েছেন, চুপ করে বসে থাকার পাত্রী তিনি নন। পরিচয় পর্বের দিনেই মঞ্চে দাঁড়িয়ে ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে বিশ্বাসই হচ্ছিল না তাঁর চোখকে। সত্যিই কি বিগ বসে এসেছেন? শেষ পর্যন্ত নিজের সন্দেহ মেটাতে ‘দাদা’র হাতে চিমটিই কেটে বসলেন! উত্তরবঙ্গের চেনা গলি থেকে রিয়্যালিটি শোয়ের জমকালো মঞ্চে তাঁর পৌঁছনোর পথটাই আলাদা করে বলার মতো।

ক্যামেরার সামনে এই আত্মবিশ্বাস অবশ্য তাঁর একদিনে তৈরি হয়নি। মাত্র ১৬ বছর বয়সেই বিয়ে করেন। খুব অল্প বয়সে কাঁধে এসে পড়ে সংসারের দায়িত্ব। তারপর কন্যাসন্তান। আজ সেই মেয়ের বয়স ১৫। জীবনের এই বাঁকেই থেমে যেতে পারতেন তনুশ্রী। কিন্তু থামেননি। জলপাইগুড়ি গভর্নমেন্ট স্কুলের পড়াশোনা পেরিয়ে পিডি উইমেন্স কলেজ থেকে ভূগোলে স্নাতক হন। সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি নিজের একটা পরিচয় তৈরির চেষ্টাও চালিয়ে যান।
আরও পড়ুন: Bigg Boss Season 20: বিগ বসের ঘরে এবার কারা? সলমনের শোয়ে ঢোকার দৌড়ে চমকে দেওয়া সব নাম
আরও পড়ুন: আজ থেকে ‘বিগ বস’
সেই পরিচয়ের রাস্তা খুলে দেয় সোশ্যাল মিডিয়া। শাড়ি, ব্লাউজ, কুর্তার ব্যবসা শুরু করেন অনলাইনে। শুধু পোশাক বিক্রি নয়, নিজের মতো করে সেগুলি তুলে ধরতে শুরু করেন ফেসবুক-ইনস্টাগ্রামে। ধীরে ধীরে তৈরি হয় পরিচিতি। অনলাইন ব্যবসা গড়াতে গড়াতে নিজের বোনকে নিয়ে জলপাইগুড়িতে খোলেন নিজের বুটিক—‘দ্য মোমেন্ট অফ মেমোরি’। একসময় সংসারের দায়িত্বে অল্প বয়সেই আটকে পড়া তনুশ্রী ধীরে ধীরে নিজের ব্যবসা, নিজের পরিচয় এবং নিজের দর্শক তৈরি করে ফেললেন। সেখান থেকেই এবার সরাসরি বিগ বস বাংলার ঘরে। মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখে তনুশ্রী স্পষ্ট জানিয়েছিলেন, গ্ল্যামার তাঁর কাছে গুরুত্বপূর্ণ হলেও জীবনে সবার আগে তাঁর মেয়ে।
আর ঘরে ঢুকেই তাঁর স্বভাবের আরেকটি দিকও প্রকাশ্যে। নিজেকে তিনি ঠোঁটকাটা বলেই পরিচয় দেন। সেই পরিচয়ের প্রমাণ মিলতেও বেশি সময় লাগেনি। প্রথম সপ্তাহে ঘরের ক্যাপ্টেন ভরত কলের সঙ্গে শুরুতেই সংঘাত দিয়ে এই রিয়েলিটি শোয়ে অভিযান শুরু করেন তনুশ্রী। অভিনেতা প্রতিযোগীকে সরাসরি ‘খারাপ মানুষ’ বলে তাঁর নেতৃত্ব মানতে অস্বীকারও করেন। পরে বাথরুম ব্যবহার এবং ঘরের কাজ নিয়ে দু’জনের তর্কও দ্রুত তীব্র আকার নেয়। ফলে বিগ বসের ঘরে তনুশ্রী শুধু আর এক প্রতিযোগী নন—নিজের কথা নিজের মতো করে বলার ক্ষমতা নিয়েই প্রবেশ করেছেন তিনি। আর সেই কথার ঝাঁঝ যে ক্যামেরার বাইরেও পৌঁছে যাচ্ছে, তার প্রমাণ প্রথম কয়েক দিনেই মিলেছে। এখন দেখার, জলপাইগুড়ির ব্যবসায়ী-মা থেকে তৈরি হওয়া এই আত্মবিশ্বাস তাঁকে কত দূর নিয়ে যায়।
