বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

‌আজ থেকে ‘‌বিগ বস’‌

31 August, 2026 6:51 PM Lopa Bhowmik
শেয়ার করুন

লোপামুদ্রা ভৌমিক
ধামাকাদার ওপেনিং!‌ রবিবার সন্ধেতে ‘‌দাদা’‌ সৌরভের গ্র্যান্ড এন্ট্রি দেখলেন ছোটপর্দার দর্শকরা। দেড় দশকেরও বেশি সময় পর ফের ফিরছে ‘‌বিগ বস’‌ বাংলা। বিগ বসের ঘর মানেই সেখানে থেমে যায় সময়। মুম্বইয়ের গুরুগ্রামের ফিল্ম সিটির ভেতরে ১০ হাজার বর্গফুট জুড়ে বিগ বস–এর চটকদার বাংলো। প্রায় আশির বেশি ক্যামেরায় ঘিরে রাখা হয়েছে বাংলো। ফলে প্রতিযোগীদের জন্য প্রায় কোনও মুহূর্তই ক্যামেরার নজরের বাইরে নয়। ঘরে একবার ঢুকে গেলেই চলে যেতে হবে ‘বিগ বস্’–এর কড়া নজরদারির মধ্যে। সেখানে বাইরের লোকের সঙ্গে কথা বলা তো অনেক দূরের কথা, প্রতিযোগীরা সূর্যের মুখ দর্শনও করতে পারবেন না সব সময়। আরব সাগরের তীরে বিগ বসের বাংলো হলেও সেখানে পরতে পরতে লেগে থাকছে বাঙালিয়ানার ছোঁয়া। সেটে থাকছে রয়েল বেঙ্গল টাইগারের ইমেজ। ঘরে পা রেখেই বাগান। তার একদিকে সুইমিং পুল, আর পুঁচকে জিমঘর। ইতিউতি ছড়ানো ছোটছোট বসার জায়গা। লাল বোগেনভেলিয়ায় সাজানো আর একদিক। বাগান পার করলেই কাচের দরজা। ঠেলে ঢুকলেই রাজকীয় সোফায় বসে প্রতিযোগীদের ‘‌টাস্ক’‌ বোঝাবেন ‘‌বিগ বস’‌ সৌরভ গাঙ্গোপাধ্যায়। তাঁর বিছানার ওপরে থাকবে বিশালাকার একটি মুকুট। সুতরাং, এহেন ক্যাপ্টেনের ঘরে কে জায়গা করে নেন, সে বিষয়ে যে প্রতিযোগীদের মধ্যে উত্তেজনা থাকবে, তা বলাই বাহুল্য। তবে বিগ বসের ঘরে থাকবে হাজারও প্রতিকূলতা। সেই সব কিছু সঙ্গী করে কীভাবে ১০০ দিন একে অপরের সঙ্গে মিলেজুলে পার করবেন প্রতিযোগীরা?‌ সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে টিকে থাকতে পারলেই কেল্লাফতে।
এবার বিগ বসের বাংলোয় থাকার জায়গা পেয়েছেন ছোটপর্দার অভিনেত্রী মনামী ঘোষ, সৃজলা গুহ, সোনামণি সাহা। আছেন প্রবীণ অভিনেতা ভরত কল। আছেন সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা এবং তাপস পালের মেয়ে সোহিনী পাল। থাকছেন ফুটবল কোচ দীপেন্দু বিশ্বাস, উত্তবঙ্গের ব্যবসায়ী তনুশ্রী রায় দাস, ইউটিউবার সায়ক চক্রবর্তী, ঝিলম গুপ্ত, বিদেশিনী আলেকজান্দ্রিয়া টেলর, ‘‌লাফটারসেন’‌ নিরঞ্জন মণ্ডল, অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত, অভিনেতা ও মডেল শন বন্দ্যোপাধ্যায়, অ্যাংকর নন্দিনী দত্ত, বিউটি ইনফ্লুয়েন্সার জয়িতা ব্যানার্জি প্রমুখ। রবিবার সৌরভের সঙ্গে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল হরভজন সিং–কে। ভাজ্জি তো সরাসরি ‘‌দাদা’‌কে প্রশ্নই করে বসেন— ‘তুমি এসব কী করছ? তুমি চাইলে ক্রিকেটের মেন্টর, কোচ হতে পারতে। কিন্তু বিনোদন দুনিয়ায় কেন?’‌ জবাবে সৌরভ বলেন, বিনোদনের দুনিয়া তাঁর বরাবরের পছন্দ। তাই ক্রিকেটের বাইরে এই দুনিয়াতেও তিনি মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। শেষে রীতিমত ছক্কা হাঁকিয়ে হরভজন মন্তব্য করেন, ক্রিকেটের দুনিয়াতেও তাঁর কাছে ‘‌বিগ বস’‌ একজনই। ভাঙা ভাঙা বাংলায় ভাজ্জি বলেন, ‘‌দাদা, আমি তোমাকে ভালোবাসি।’‌ স্টার জলসার পর্দায় আজ থেকে ‘‌বিগ বস’‌ দেখা যাবে প্রতিদিন রাত ৯–৩০ মিনিট থেকে। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম JioHotstar–এ ২৪ ঘণ্টা লাইভ ফিডসহ দেখতে পাওয়া যাবে।

প্রতিবেদন

Lopa Bhowmik