ইসলামপুর আদালতে আইনজীবীদের কর্মবিরতি
সংবাদদাতা: ইসলামপুর আদালত চত্বরে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে কোর্ট। এমনই দাবি ল’ ক্লার্ক অ্যাসোসিয়েশন ও বার অ্যাসোসিয়েশনের। এর ভিত্তিতেই কর্মবিরতিতে সামিল হয়েছেন অ্যাসেসিয়েশনের সদস্যরা।
আইনজীবী ও ক্লার্কদের অভিযোগ, আদালতের নির্দেশকে তারা সম্মান করেন। তবে দীর্ঘদিন ধরে যাঁরা আদালত চত্বরে বিভিন্ন রকম কাজ করে সংসার চালাচ্ছেন, তাঁদের কাজের জন্য বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসনের ব্যবস্থা না করে নির্মাণ ভেঙে দেওয়া ঠিক নয়। সেটা হলে ওই ব্যক্তিরা ভয়ঙ্কর সমস্যার মুখে পড়বেন।এই দাবিতেই ইসলামপুর আদালত চত্বরে পালিত হল একদিনের কর্মবিরতি। অ্যাসোসিয়েশনের সদস্যরা আদালত চত্বরে মিছিল বের করেন। কর্মবিরতির মাধ্যমে তাঁদের মূল দাবি তুলে ধরা হয়। বার অ্যাসোসিয়েশনের পক্ষে জানানো হয়েছে, তাঁরা বিচার প্রার্থীদের স্বার্থে সবসময় পাশে দাঁড়াবেন। তবে আগে বিকল্প ব্যবস্থা করতে হবে। ইসলামপুর বার এসোসিয়েশনের সেক্রেটারি সৌমেন্দু মজুমদার জানিয়েছেন, দাবি মানা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।
