বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

India vs Brazil: ৯৯৯ থেকে ১৫ হাজার! কলকাতায় ব্রাজিল-ভারত ম্যাচের টিকিটে হুড়োহুড়ি

03 September, 2026 2:00 AM Arko Banerjee
শেয়ার করুন

কলকাতা: ফুটবলের মক্কায় ফের মহাতারকারা। ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে নামছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহাদের এক ঝলক দেখতে মরিয়া শহরের ফুটবলপ্রেমীরা। বুধবার বিকেল ৪টে থেকে শুরু হয়ে গেল ম্যাচের টিকিট বিক্রি। ডিস্ট্রিক্ট অ্যাপে ঢুকতেই তৈরি হচ্ছে লম্বা ডিজিটাল লাইন। টিকিটের দাম শুরু ৯৯৯ টাকা থেকে, সর্বোচ্চ দাম ১৫ হাজার।

বিভিন্ন ব্লকের জন্য রাখা হয়েছে ৯৯৯, ১৫০০, ২০০০, ২৫০০, ৩৫০০, ৪৫০০, ৬০০০, ৭০০০ এবং ৯০০০ টাকার টিকিট। ভিআইপি বা সবচেয়ে দামি আসনের জন্য খরচ করতে হবে ১৫ হাজার টাকা। টিকিট কাটার প্রক্রিয়াও পুরোপুরি অনলাইন। মোবাইলে ডিস্ট্রিক্ট অ্যাপ অথবা কম্পিউটার-ল্যাপটপ থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট খুলে ফোন নম্বর বা ই-মেল দিয়ে লগ ইন করতে হবে। হোমপেজে ভারত-ব্রাজিল ম্যাচের পেজ পাওয়া যাবে। না পেলে সার্চবারে ম্যাচের নাম লিখে খুঁজে নেওয়া যাবে।

আরও পড়ুন: Mohun Bagan: ৩-১ জিতেও স্বস্তি কোথায় মোহনবাগানের? রেলওয়ে ম্যাচে চোখে পড়ল বড়সড় খামতি

তবে টিকিটের পেজে ঢুকলেই সঙ্গে সঙ্গে আসন বেছে নেওয়ার সুযোগ নেই। বিপুল চাহিদার কারণে দর্শকদের নির্দিষ্ট ডিজিটাল কিউতে অপেক্ষা করতে হচ্ছে। স্ক্রিনে দেখা যাচ্ছে অপেক্ষমাণ দর্শকের সংখ্যা। কিউ শেষ হলে টিকিটের সংখ্যা, ব্লক এবং পছন্দের আসন বেছে নিয়ে চেকআউটে যেতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন পেমেন্ট করলেই সম্পূর্ণ হবে বুকিং।

৩ অক্টোবর সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হওয়ার কথা ম্যাচের। দর্শকদের জন্য যুবভারতীর গেট খুলবে বিকেল ৪টে নাগাদ। ডিজিটাল টিকিট স্ক্যান করেই মাঠে ঢুকতে পারবেন দর্শকরা। কয়েক মাস আগেই মেসিকে ঘিরে কলকাতায় তৈরি হয়েছিল উন্মাদনা। তবে এবার কোনও বিশেষ তারকা নয়। চোখের সামনে পাঁচ বারের বিশ্বজয়ী দল। হোক গত ২৪ বছর বিশ্বকাপের দেখা নেই। কিন্তু তাবলে ভিনিসিয়ুস-রাফিনহাদের সামনে থেকে দেখার সুযোগ ঘিরে যে উত্তেজনা কি কম হবে? টিকিটের ডিজিটাল কিউতেই তার ছবি স্পষ্ট।

প্রতিবেদন

Arko Banerjee