বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

সিকিমে ফের ধস, আতঙ্কে বাসিন্দারা, বন্ধ গুরুত্বপূর্ণ সড়ক

02 September, 2026 4:22 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, সিকিম: টানা বৃষ্টির জেরে ফের ভূমিধসের কবলে সিকিম। পশ্চিম সিকিমের গুরুত্বপূর্ণ রিম্বি – ইউকসোম সড়কে বড়সড় ধস নামায় সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। পাহাড়ের একাংশ ভেঙে পড়ে রাস্তার উপর জমেছে বিপুল পরিমাণ মাটি, পাথর ও ধ্বংসাবশেষ। ধসের জেরে রাস্তার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি ধসপ্রবণ এলাকার পাহাড়ের ধারে থাকা একাধিক বাড়ি নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। পাহাড়ের ঢাল এখনও আলগা থাকায় নতুন করে ধস নামার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। রিম্বি – ইউকসোম সড়ক স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, পর্যটক ও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরা। বিকল্প পথে যাতায়াত নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

স্থানীয়দের আশঙ্কা, শুধুমাত্র ধসের মাটি ও পাথর সরিয়ে রাস্তা খুলে দিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। বারবার ধসের হাত থেকে সড়ক ও বসতিগুলিকে রক্ষা করতে পাহাড়ের ঢাল পরীক্ষা করে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

ধসের পর সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ও ধসপ্রবণ অংশ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত ওই পথে যাতায়াত ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন স্থানীয়রা।দ্রুত রাস্তা পরিষ্কার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাড়িগুলির নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।

প্রতিবেদন

UTSAB RC