বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

নির্ভয়াকাণ্ডের ছায়া:‌ দিল্লির বাসে গণধর্ষণ কিশোরীকে

31 August, 2026 12:14 PM Lopa Bhowmik
শেয়ার করুন

দিল্লি:‌ ফের উসকে উঠল নির্ভয়াকাণ্ডের ভয়াবহ স্মৃতি।

আবারও রাজধানী দিল্লি!‌ স্লিপার বাসের মধ্যে এক কিশোরীকে গণধর্ষণ করে কাশ্মীরি গেট এলাকায় রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠল বাসের চালক ও কন্ডাকটরের বিরুদ্ধে। দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, সদ্য প্রকাশ্যে আসা ঘটনাটি ঘটে গত ৪ আগস্ট। উত্তরপ্রদেশের মইনপুরীর বাসিন্দা ওই কিশোরীকে লেখাপড়া না করা নিয়ে বকাবকি করেছিলেন বাড়ির লোকজন। তারপরেই কাউকে কিছু না জানিয়ে রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে।

তুতোভাইয়ের কাছে যাওয়ার জন্য নয়ডার সেক্টর ৬৩–র দিকের একটি বাসে ওঠে। সেদিন প্রচণ্ড ঝড়, বৃষ্টি চলছিল। অন্ধকারে ঠিকঠাক জায়গা বুঝতে না পেরে গ্রেটার নয়ডার পরি চক এলাকায় নেমে পড়ে। কিছুক্ষণ পরে ভুল বুঝতে পেরে অন্য একটি স্লিপার বাসে ওঠে সে। পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই কিশোরী জানিয়েছে, বাসে ওঠার পর থেকেই কন্ডাকটর তার দিকে অশালীন ইঙ্গিত করতে শুরু করে। পরে চালক এবং কন্ডাকটর তাকে ধর্ষণ করে। বাধা দিতে গেলে খুনের হুমকি দেওয়া হয়। এরপর পরি চক থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে কাশ্মীরি গেট বাস টার্মিনালের কাছে রিং রোডের ধারে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায় চালক এবং কন্ডাকটর।

উত্তর দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার নীহারিকা ভট্ট জানিয়েছেন,অভিযুক্ত চালক কুলদীপ এবং কন্ডাকটর সন্দীপকে তিমারপুর এলাকা থেকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, অপহরণ এবং মারধরের অভিযোগে মামলা রুজু হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বাসটিও। বাসের মধ্যে থেকে গোছা গোছা চুল উদ্ধার করেছেন ফরেনসিক বিশেষজ্ঞেরা। অনুমান, সেগুলি কিশোরীরই মাথার চুল।

২০১২ সালের ১৬ ডিসেম্বর। দিল্লির একটি চলন্ত বাসে ২৩ বছর বয়সী এক ছাত্রীকে গণধর্ষণ করে খুন করা হয়। এই নৃশংস ঘটনার প্রতিবাদে সারা দেশে তীব্র ক্ষোভ ও গণআন্দোলন শুরু হয়। নির্ভয়াকাণ্ডের প্রতিবাদ হয় বিদেশেও। ২০২০ সালের ২০ মার্চ দিল্লির তিহাড় জেলে এই মামলার চার দণ্ডিত মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্ত এবং অক্ষয় ঠাকুরের ফাঁসি হয়। ‌

প্রতিবেদন

Lopa Bhowmik