বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

গাজোলে লরি থেকে উদ্ধার ৫ কেজি ব্রাউন সুগার, ধৃত ৩

07 September, 2026 3:18 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, গাজোল: মাদক পাচারবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল গাজোল থানার পুলিশ। রবিবার গভীর রাতে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ১৬ চাকার বিশালাকার লরি থেকে ৫ কেজিরও বেশি ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনের নাম সাহেদুল রহমান, নেফাউল রহমান এবং জিয়াউল হক। তাদের বয়স ২৭ থেকে ৪৭ বছরের মধ্যে। ধৃত সাহেদুল রহমানের বাড়ি মালদহের সুজাপুর এলাকায়। বাকি দুজনের পরিচয় ও ঠিকানার বিষয়টি পুলিশ বিশদে খতিয়ে দেখছে। পুলিশসূত্রে জানা গিয়েছে রবিবার রাতে গোপনসূত্রে খবর পাওয়া যায় একটি ১৬ চাকার লরিতে করে বিরাট পরিমাণ ব্রাউন সুগার পাচার করা হচ্ছে। লরিটি রায়গঞ্জ হয়ে শিলিগুড়ির অভিমুখে যাচ্ছিল। খবর পাওয়ামাত্রই অভিযানে নামে পুলিশ প্রশাসন। বামনগোলা থানার আইসি এবং গাজোল থানার পুলিশের যৌথ নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকায় ও জাতীয় সড়কে বিশেষ নজরদারি ও নাকা চেকিং শুরু হয়। নির্দিষ্ট লরিটি চিহ্নিত হওয়ার পর গাজোল থানার পুলিশ ও বামনগোলা থানার যৌথ দল সেটিকে আটক করে। আটক করার পর লরির চালক ও সওয়ারিদের জিজ্ঞাসাবাদে কিছুটা অসঙ্গতি ধরা পড়ে। এর পরেই লরিটিতে তল্লাশি চালানো শুরু করেন তদন্তকারীরা। লরির ভেতরে নানা জায়গায় তল্লাশি চালানোর সময় কেবিন থেকে একটি সন্দেহজনক পিঠব্যাগ উদ্ধার হয়। সেই পিঠব্যাগটি খুলতেই ভেতরের দৃশ্য দেখে চোখ কপালে ওঠে পুলিশ কর্তাদের। ব্যাগের ভেতর অতি সাবধানে লুকিয়ে রাখা হয়েছিল ছোট-বড় বেশ কয়েকটি প্লাস্টিকের প্যাকেট, যার মধ্যে ভর্তি ছিল ৫ কেজিরও বেশি ওজনের নিষিদ্ধ ব্রাউন সুগার। ঘটনার পরই লরিটি বাজেয়াপ্ত করা হয়। মাদক আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ধৃতদের আদালতে তোলা হয়েছে। এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার কোথা থেকে আনা হয়েছিল এবং শিলিগুড়ি হয়ে তা উত্তর-পূর্ব ভারতের অন্য কোনো রাজ্য বা সীমান্তে পাচার করার উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রতিবেদন

Lopa Bhowmik