বিধবা ও বার্ধক্য ভাতা বৃদ্ধি রাজ্যের, কবে ঢুকবে অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা?
সংবাদদাতা, কলকাতা: পুজোর আগেই সুখবর। সোমবারই ১০০০ টাকা থেকে বিধবা ও বার্ধক্য ভাতা ১৫০০ টাকা করা হল। সোমবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দু-তিনদিনের মধ্যেই বর্ধিত হারে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা পেতে চলেছেন আবেদনকারীরা। বাংলার প্রায় ৬০ লক্ষ ষাটোর্ধ ব্যক্তি বিধবা ভাতার সুবিধা পাবেন। অন্নপূর্ণা ভান্ডার যারা আবেদন করেছিলেন, তাদের অনেকের টাকা এখনও ঢোকেনি বলে অভিযোগ আছে। নবান্ন সূত্রে খবর, ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে যাবে।
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, “আমরা সংকল্প পূরণের একটা ধাপ এগোলাম। পূর্বতন সরকারগুলির বেনিয়মের কারণে রাজ্যের বর্তমান অবস্থা মোটেই ভাল নয়। আর্থিক অবস্থা ফেরাতে অন্তত এক বছর সময় লাগবে। রাজস্ব চুরির ফলে রাজ্যের এই অবস্থা, , তবে এই অবস্থা থেকে অনেকটাই বেরিযে আসতে পেরেছি।” পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, এবার থেকে স্বচ্ছভাবে যে সব উপভোক্তারা আবেদন করবেন, তারাই এই ভাতার টাকা পাবেন। এদিন নবান্ন থেকে গত সরকারের আমলে যারা ভাতার আবেদন করেছিলেন, সেই আবেদন বাতিল করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আমলাদের নির্দেশ দিয়েছেন, জনকল্যাণ শিবিরে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদন যাচাই করে অগ্রাধিকারের ভিত্তিতে ভাতার সুবিধা দিতে হবে। ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে আবেদনকারীদেরও ভেরিফিকেশন হবে।
মুখ্যমন্ত্রী জানান, গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে ফের জনকল্যাণ শিবির আয়োজন করে আবেদন জমা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে বার্ধক্যভাতার অপেক্ষা থাকা মানুষ, যারা তৃণমূল আমলে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত ছিলেন, তাদের আবেদনও বিবেচনা করা হবে। যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রাপকদের আগামী দিনে ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
