Champions Trophy: শ্রীলঙ্কা থেকে সরল, ভারতের মাটিতে প্রথম মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি
কলকাতা: জল্পনার অবসান। শ্রীলঙ্কার বদলে ২০২৭ সালের প্রথম মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে। ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ছয় দলের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার ম্যাচ হবে মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া এবং ভদোদরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। বুধবার আইসিসি বোর্ডের অনুমোদনের পর চূড়ান্ত হয়েছে আয়োজক দেশের নাম।

এই প্রথম মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে আইসিসি। শুরুতে শ্রীলঙ্কাতেই হওয়ার কথা ছিল প্রতিযোগিতাটি। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেটকে ঘিরে প্রশাসনিক সংস্কারের বিষয়টি সামনে আসায় সেখান থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়। বিকল্প আয়োজক হিসেবে বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রস্তাব খতিয়ে দেখে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেয় আইসিসি।
ফরম্যাটেও বদল এসেছে। ওয়ানডের বদলে টি-টোয়েন্টি ফরম্যাটেই হবে প্রতিযোগিতা। ৬ জুলাইয়ের র্যাঙ্কিং অনুযায়ী জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। ছ’টি দল রাউন্ড রবিন লিগে একে অপরের বিরুদ্ধে খেলবে। পয়েন্ট তালিকার প্রথম দুই দল ২৮ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।
তবে ভারত আয়োজক হওয়ায় স্বাভাবিক ভাবেই উঠে আসছে অন্য একটি প্রশ্ন—পাকিস্তানের কী হবে? এই প্রতিযোগিতায় পাকিস্তান যোগ্যতা অর্জনই করতে পারেনি। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এই টুর্নামেন্টে কোনও সূচিই নেই। অর্থাৎ ভারতের মাটিতে পাকিস্তানের না খেলার সম্ভাবনা নিয়ে যে রাজনৈতিক জল্পনা তৈরি হতে পারে, তা এই প্রতিযোগিতার ক্ষেত্রে কার্যত প্রাসঙ্গিক নয়।
ভারতকে আয়োজক করার পিছনে দেশের মাটিতে মহিলা ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তাও বড় কারণ বলে মনে করা হচ্ছে। ডব্লুপিএলের সাড়া থেকে গত বছরের ঘরের মাঠে মহিলা ওয়ানডে বিশ্বকাপ—ভারতে মহিলা ক্রিকেটের দর্শকভিত্তি যে বেড়েছে, তার প্রমাণ মিলেছে একাধিকবার। বিশ্বকাপে ভারতের ম্যাচগুলিতে গ্যালারিও ছিল ভরপুর। সেই আবহেই এবার দেশের মাটিতে বসছে মহিলা ক্রিকেটের নতুন আইসিসি আসর। ফেব্রুয়ারিতে মুম্বই ও ভদোদরায় তাই লেখা হবে নতুন ইতিহাস। প্রথমবারের মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে লড়াই হবে বিশ্বের ছয় সেরা দলের।
