বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় দুর্গাপুজোর উদ্যোগ মহিলাদের

03 October, 2026 5:38 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া: শারদোৎসবে মাতলেন শান্তিপুর থানার বাগদিয়া এলাকার মহিলারা। পাড়ায় কোনও দুর্গাপুজো না হওয়ার যে আক্ষেপ ছিল, তা ঘুচিয়ে এবার সম্পূর্ণ মহিলাদের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে সর্বজনীন দুর্গোৎসব। উদ্যোগের সবচেয়ে বড় বিশেষত্ব হল, পুজোর সিংহভাগ খরচই আসছে সরকারি সহায়তা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার থেকে পাওয়া টাকা জমিয়ে। দীর্ঘদিন ধরেই বাগদিয়া এলাকায় কোনও বড় দুর্গাপুজো হতো না। পুজোর কটা দিন এলাকার পুরুষ, মহিলারা অঞ্জলি দিতে বা প্রতিমা দর্শনের জন্য বাধ্য হতেন পাশের পাড়ায় যেতে। এই আক্ষেপ দীর্ঘদিন ধরেই ছিল স্থানীয়দের মনে। অবশেষে এলাকার কমপক্ষে ৮৫ জন মহিলা নিজেদের পাড়ায় দুর্গাপুজো করার সিদ্ধান্ত নিয়েছেন। উদ্যোক্তাদের দাবি, আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা মাসে দেড় হাজার টাকা পেতেন। পরবর্তীতে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় সেই অনুদান বেড়ে প্রতি মাসে ৩ হাজার টাকা হয়েছে। এই অনুদানের অর্থ থেকেই প্রতিমাসে কিছুটা অংশ জমিয়ে পুজোর খরচ চালানোর অভিনব সিদ্ধান্ত নিয়েছেন তারা। পুজোর বাজেট প্রায় দেড় লক্ষ টাকা। এবারের এই পুজো কেবল একটি বছরের ঘটনা নয়, উদ্যোক্তারা জানিয়েছেন আগামী দিনেও শারদীয়া উৎসব চালিয়ে নিয়ে যেতে চান তাঁরা। প্রতি বছরই যাতে বাগদিয়ায় মহাসমারোহে দুর্গাপুজো আয়োজন করা যেতে পারে, সেই নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন মহিলারা। সরকারি প্রকল্পের সঠিক ব্যবহার করে গ্রামীণ বাংলার মহিলারা যে এভাবেই সমাজের মূল স্রোতে নেতৃত্ব দিতে পারেন, শান্তিপুরের বাগদিয়ার এই উদ্যোগ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রতিবেদন

Lopa Bhowmik