বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

গণেশ পুজোয় কেন নিষিদ্ধ তুলসীপাতা? পৌরাণিক কাহিনির নেপথ্যে এক অভিশাপ!

15 September, 2026 4:23 PM UTSAB RC
শেয়ার করুন

গণেশ চতুর্থীতে ভগবান গণেশের আরাধনায় দূর্বার গুরুত্ব সবচেয়ে বেশি। হিন্দুশাস্ত্র অনুযায়ী দূর্বা গণেশের অত্যন্ত প্রিয়, তাই পুজোয় সাধারণত তিন বা পাঁচটি দূর্বা একসঙ্গে বেঁধে নিবেদন করার রীতি প্রচলিত। কিন্তু অবাক করা বিষয় হল, তুলসীপাতার মতো এক পবিত্র উপাচার সাধারণত গণেশের পুজোয় নিবেদন করা হয় না। প্রশ্ন জাগে— এত পবিত্র একটি পাতা গণেশ-আরাধনায় নিষিদ্ধ হল কীভাবে? এই রহস্যের উত্তর লুকিয়ে রয়েছে এক চমকপ্রদ পৌরাণিক কাহিনিতে।

বৃন্দার তপস্যা আর গণেশের প্রত্যাখ্যান

পুরাণ অনুসারে, ধর্মরাজের কন্যা বৃন্দা— যিনি ‘তুলসী বৃন্দা’ নামেও পরিচিত— ভগবান বিষ্ণুকে স্বামীরূপে পাওয়ার আশায় কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। একদিন জাহ্নবী নদীর তীরে বসে থাকার সময় তাঁর নজরে পড়েন ধ্যানমগ্ন গণেশ। তাঁর রূপে মুগ্ধ হয়ে বৃন্দা এগিয়ে গিয়ে বিবাহের প্রস্তাব দেন। কিন্তু ব্রহ্মচর্যের সংকল্পে অবিচল গণেশ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। প্রত্যাখ্যাত হয়ে ক্ষুব্ধ বৃন্দা অভিশাপ দেন— গণেশের বিবাহ হবেই, তিনি ব্রহ্মচর্য পালন করতে পারবেন না।

পাল্টা অভিশাপ আর তুলসী নিষেধের উৎপত্তি

বৃন্দার এই অভিশাপে ক্রুদ্ধ হয়ে গণেশও তাঁকে পাল্টা অভিশাপ দেন— বৃন্দার বিবাহ হবে এক অসুরের সঙ্গে, আর তাঁর কোনও স্থান থাকবে না গণেশের পুজোয়। পরে যখন বৃন্দা জানতে পারেন, গণেশ আসলে স্বয়ং শিবের পুত্র, তখন নিজের আচরণে গভীরভাবে অনুতপ্ত হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। বৃন্দার অনুতাপে প্রসন্ন হয়ে গণেশ তখন এক বিশেষ বর দেন— বছরে কেবল একবার, ভাদ্রপদ শুক্ল চতুর্থীর দিনে, গণেশ-পুজোয় তুলসী নিবেদনের অনুমতি থাকবে। তবে অন্য কোনও দিনে তা নিষিদ্ধই থেকে যাবে।

বৃন্দা থেকে তুলসী গাছে রূপান্তর

গণেশের অভিশাপ অনুযায়ী পরবর্তীকালে বৃন্দা অসুররূপে পুনর্জন্ম নেন এবং বিবাহ করেন এক শক্তিশালী অসুরকে। স্বামীর মৃত্যুর পর শোকে বৃন্দা আত্মাহুতি দেন এবং তুলসী বৃক্ষরূপে পুনরাবির্ভূত হন। বিষ্ণুর প্রতি তাঁর অটুট ভক্তিতে সন্তুষ্ট হয়ে তুলসীকে বিশেষ মর্যাদা দেওয়া হয়— আর সেই থেকেই হিন্দুধর্মে তুলসী হয়ে ওঠে অত্যন্ত পবিত্র এক উদ্ভিদ। অথচ একই কাহিনির সূত্রেই তৈরি হয় গণেশ-পুজোয় তুলসী নিবেদন নিয়ে এই ব্যতিক্রমী নিয়ম।

গণেশ চতুর্থীর সঙ্গে জড়িয়ে থাকা এই কাহিনি আজও ভক্তদের মধ্যে সমান কৌতূহল জাগিয়ে তোলে।

প্রতিবেদন

UTSAB RC