বিএমএস ইউনিয়ন অফিসে ভাঙচুর
সংবাদদাতা: ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন অফিসে চুরি,ভাঙচুর, রাতভর তাণ্ডব! অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। দিন দুয়েক ধরেই পশ্চিম বর্ধমান জেলায় নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া খারাপ থাকায় সন্ধের পর থেকেই পথঘাট ফাঁকা হতে শুরু করছে। অভিযোগ, সেই সুযোগে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারির বিএমএস ইউনিয়ন অফিসে চুরি ও ব্যাপক ভাঙচুর চলানো হয়। মঙ্গলবার মাঝ রাতে দুষ্কৃতীরা জানালার গ্রিল ভেঙে অফিসে ঢুকে লুটপাট চালানোর পাশাপাশি ফ্রিজ, এসি, ফ্যান, লাইট, চেয়ার–টেবিলসহ অজস্র জিনিসপত্র ভাঙচুর করে বলেও অভিযোগ। বুধবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার পিছনে তৃণমূলের আশ্রয়ে থাকা দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিএমএস ইউনিয়ন। যদিও এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া খবর প্রকাশিত হওয়া পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
