বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

UPI লেনদেনে ফিরছে MDR, ২ হাজার টাকার বেশি অঙ্কে বসতে পারে ফি, কেন্দ্রকে তোপ কংগ্রেসের

15 September, 2026 3:49 PM UTSAB RC
শেয়ার করুন

নয়াদিল্লি:  ডিজিটাল ইন্ডিয়া গড়তে দীর্ঘদিন ধরে ক্যাশলেস অর্থনীতিতে জোর দিয়ে এসেছে মোদি সরকার। এবার সেই ইউপিআই (UPI) লেনদেনেই ফি বসানোর পথে হাঁটল কেন্দ্র। সোমবার অর্থমন্ত্রক জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ হাজার টাকা পর্যন্ত ইউপিআই এবং রুপে-চালিত ডেবিট কার্ড লেনদেনে কোনও ব্যাঙ্ক বা পেমেন্ট সংস্থা কোনও ফি নিতে পারবে না। তবে ২ হাজার টাকার বেশি অঙ্কের লেনদেনে ফি বসানোর দরজা এর ফলে কার্যত খুলে গেল।

কী বলছে নতুন নিয়ম

সংসদের বাদল অধিবেশনে পাশ হওয়া ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’-এর সংশোধনী অনুযায়ীই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই সংশোধনীতেই এমডিআর তথা ‘মার্চেন্ট ডিসকাউন্ট রেট’ ফিরিয়ে আনার আইনি কাঠামো তৈরি করা হয়েছিল। এমডিআর আসলে সেই ফি, যা কোনও ব্যবসায়ী অনলাইনে অর্থ গ্রহণ করলে ব্যাঙ্ককে প্রদান করতে হয়। ২০২০ সালের পর থেকে ভারতে এই ফি চালু ছিল না, আর সেই সময় থেকেই দেশে ইউপিআই লেনদেনের পরিমাণ লাফিয়ে বেড়েছে— ২০১৭ অর্থবর্ষে যেখানে লেনদেনের মূল্য ছিল মাত্র ৭ হাজার কোটি টাকা, ২০২৬ অর্থবর্ষে তা পৌঁছেছে প্রায় ৩১৪ লক্ষ কোটি টাকায়।

তবে গেজেট বিজ্ঞপ্তি স্পষ্ট করে দিয়েছে, ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনও ফি বসবে না— সাধারণ মানুষের দৈনন্দিন ছোট লেনদেন এই সিদ্ধান্তে প্রভাবিত হবে না। তবে তার বেশি অঙ্কের ক্ষেত্রে ঠিক কত হারে ফি বসবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বাজার সূত্রে ইঙ্গিত, ২ হাজার টাকার বেশি লেনদেনে প্রায় ০.২৫ থেকে ০.৪ শতাংশ হারে এমডিআর বসতে পারে। এনপিসিআই (ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া)-র নেতৃত্বাধীন ২২ সদস্যের ‘ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি’ এই কাঠামো চূড়ান্ত করবে, যেখানে ব্যাঙ্ক, পেমেন্ট সংস্থা এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা থাকবেন।

কেন্দ্রের বক্তব্য, লেনদেনের পরিমাণ যেভাবে বাড়ছে, তাতে সাইবার নিরাপত্তা, প্রতারণা রোধ এবং পরিকাঠামোর ক্রমাগত উন্নয়নের জন্য একটি স্থায়ী আয়ের উৎস প্রয়োজন হয়ে পড়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগেই জানিয়েছিলেন, সাধারণ গ্রাহক এবং ছোট ব্যবসায়ীরা এই ফি-র আওতায় আসবেন না, ব্যক্তি-ব্যক্তি (পিয়ার-টু-পিয়ার) লেনদেনও ফি-মুক্তই থাকবে।

কংগ্রেসের তীব্র আক্রমণ

কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতৃত্ব। রাহুল গান্ধীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মার্কিন সংস্থাগুলি ভারতের এমডিআর-মুক্ত ব্যবস্থার বিরোধিতা করে এসেছে, আর এবার মার্কিন চাপের কাছেই মাথা নত করেছে কেন্দ্র। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মতে, ব্যবসায়ীদের উপর এই ফি বসালে তার বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়বে আমজনতার পকেটেই, এবং এটা কেন্দ্রও ভালোভাবে জানে। কংগ্রেসের আশঙ্কা, এই পদক্ষেপ আসলে সূচনা মাত্র— ভবিষ্যতে ধীরে ধীরে সব ধরনের ইউপিআই লেনদেনের উপরেই ফি চাপাতে পারে কেন্দ্র।

প্রতিবেদন

UTSAB RC