বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মালদায় বন্যা পরিস্থিতি, এলাকা পরিদর্শন রাজ্যের তিন মন্ত্রীর প্রতিনিধি দলের

19 September, 2026 6:42 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এবার জলপথে নামলেন রাজ্য সরকারের প্রতিনিধিদল। শনিবার মালদার রতুয়ার কাহালা সূর্যপুর ঘাট থেকে লঞ্চে করে প্লাবিত এলাকা পরিদর্শনে রওনা দেন রাজ্যের পর্যটনমন্ত্রী সহ একাধিক মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকেরা। টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির ফলে রতুয়া-১ ব্লকের একাধিক এলাকা জলের তলায় চলে যাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এই বিশেষ সফরের আয়োজন করা হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিনিধিদলটিতে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। এ ছাড়াও তাঁদের সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিক। কাহালা সূর্যাপুর ঘাট থেকে লঞ্চে উঠে তাঁরা সরাসরি রতুয়া-১ ব্লকের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর উদ্দেশে রওনা হন। এদিন রতুয়া-১ ব্লকের মহানন্দটোলার পশ্চিম রতনপুর এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের রুহিমারি-সহ আশপাশের একাধিক জলমগ্ন গ্রাম ঘুরে দেখেন মন্ত্রীরা। দীর্ঘক্ষণ ধরে জলপথে ঘুরে প্লাবিত জমি, বসতবাড়ি ও যোগাযোগ ব্যবস্থার বর্তমান অবস্থা দেখে নেন তারা। নদীর জল বৃদ্ধি পেয়ে ঠিক কতটা এলাকা জলমগ্ন হয়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কতটা ব্যাহত হয়েছে, তার একটি স্পষ্ট চিত্র তুলে আনেন প্রতিনিধিদলের সদস্যরা।

পরিদর্শনের পাশাপাশি দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন মন্ত্রীরা। লঞ্চ থামিয়ে এবং দুর্গতদের কাছাকাছি পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন তাঁরা। বন্যার জেরে ত্রাণ সামগ্রী পৌঁছাতে কোনো দেরি হচ্ছে কি না, কিংবা খাবার জল ও ওষুধপত্রের মতো জরুরি সরকারি পরিষেবার কোনো ঘাটতি রয়েছে কি না, সে বিষয়ে স্থানীয় মানুষের কাছ থেকে সরাসরি খোঁজ নেন মন্ত্রীরা। পরিদর্শন শেষে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ও সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু জানান, এই মুহূর্তে রাজ্য সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য হলো বানভাসি মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া। কোথাও ত্রাণ বা চিকিৎসার খামতি থাকলে তা অবিলম্বে মেটানোর জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারও জানান, জলবাহিত রোগ ঠেকাতে বন্যা কবলিত এলাকাগুলোতে পর্যাপ্ত ওষুধ ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হচ্ছে।

প্রতিবেদন

UTSAB RC