বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ক্লাসেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা ছাত্রের, জলপাইগুড়ির কলেজে চাঞ্চল্য

28 September, 2026 6:45 PM Sandipan Saha
শেয়ার করুন

 

সংবাদদাতা,জলপাইগুড়ি:ক্লাস চলাকালীন কলেজের শ্রেণিকক্ষের মধ্যেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক ছাত্র। তাঁর নাম অর্ণব সরকার। সোমবার জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখছে।

অর্ণব প্রথম বর্ষের ছাত্র তথা এসএফআইয়ের লোকাল সম্পাদক। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে কলেজে আসতে বাধা ও মারধরের হুমকি দেওয়া হচ্ছিল। তাঁর এবং বন্ধুদের উপর বেশ কয়েকবার হামলার ঘটনাও ঘটেছে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। অর্ণবের আরও দাবি, এদিন দুপুর দেড়টা নাগাদ তাঁর ইন্টারনাল পরীক্ষা ছিল। সেই সময় কয়েকজন তাঁকে মারধর করতে শুরু করেন। এরপরই তিনি ব্যাগ থেকে কেরোসিন ও দেশলাই বের করে নিজের গায়ে আগুন ধরানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে থাকা ইতিহাস বিভাগের এক শিক্ষক তাঁকে আটকান। পরে কলেজের অধ্যক্ষও সেখানে পৌঁছান। অর্ণবের আরও অভিযোগ, তাঁকে এসএফআই ছেড়ে এবিভিপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। দেড়-দুই মাস ধরে এই পরিস্থিতি চলছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। সংগঠনের ব্লক কনভেনর বিনায়ক দাস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তাঁর দাবি, ক্লাস চলাকালীন ওই ছাত্র ব্যাগ থেকে কেরোসিনের বোতল বের করে নিজের গায়ে ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন। শিক্ষক তাঁর হাত থেকে লাইটার কেড়ে নিয়ে তাঁকে আটকান। পরে অধ্যক্ষের উপস্থিতিতে ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। যাঁদের বিরুদ্ধে অর্ণব মারধরের অভিযোগ তুলেছেন, তাঁরা সকলেই সেই অভিযোগ অস্বীকার করেছেন। এমনই দাবি বিনায়কের। সেই সঙ্গে তিনি বলেন, ব্যাগের মধ্যে কেরোসিন কীভাবে এল, তা নিয়েও তদন্ত হওয়া প্রয়োজন।

ঘটনা প্রসঙ্গে আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষ দেবাশিস দাস জানান, ক্লাস চলাকালীন ইতিহাস বিভাগের শিক্ষক তাঁকে এই খবরটি দেন। তিনি গিয়ে দেখেন, এক ছাত্রের গায়ে কোনও দাহ্য পদার্থ, সম্ভবত কেরোসিন, ঢালা হয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে নিয়ে গিয়ে প্রশাসনকে খবর দেওয়া হয়। ওই ছাত্র দাবি করেছেন কয়েকজন তাঁকে কিছু বলেছেন। তবে এর আগে কলেজে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রীর কলেজে প্রত্যেকের ব্যাগ পরীক্ষা করে গেটে প্রবেশ করানো সম্ভব নয় বলেও জানান তিনি।

কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলা হবে ও পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের বিষয়ে নজর রাখার আবেদন জানিয়েছেন অধ্যক্ষ।

 

প্রতিবেদন

Sandipan Saha