আদালতের পথে ডিম, ইট ছোড়া হল সোমনাথকে
সংবাদদাতা, উত্তর ২৪পরগণা: আর জি কর কাণ্ডে গ্রেপ্তার পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে–কে খড়দহ থানা থেকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে ব্যাপক উত্তেজনা। নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ তাঁকে হেলমেট পরিয়ে থানার বাইরে বের করলেও, বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই মিলল না। ডিম ছোড়ার পাশাপাশি ইট,পাটকেল ছোড়ারও অভিযোগ উঠেছে বিজেপি কর্মী–সমর্থকদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, এদিন ভোররাতে বেঙ্গালুরু থেকে সোমনাথকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁকে খড়দহ থানায় নিয়ে যান তদন্তকারীরা। দুপুরে ব্যারাকপুর আদালতে পেশ করার জন্য থানা থেকে তাঁকে বের করা হয়। কিন্তু থানার বাইরে আগে থেকেই জড়ো হয়েছিলেন একদল বিজেপি কর্মী–সমর্থক। তাঁকে দেখেই শুরু হয় বিক্ষোভ ও স্লোগান। অভিযোগ, সোমনাথকে লক্ষ্য করে উড়ে আসে ডিম, ইট–পাটকেল। পরিস্থিতি সামাল দিতে দ্রুত তাঁকে ঘিরে ফেলে পুলিশ। হেলমেট পরিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। জানা গেছে, বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। এরপর কড়া নিরাপত্তায় মুড়ে সোমনাথকে প্রিজন ভ্যানে তোলা হয়। শেষ পর্যন্ত তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়।
আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি দাহ করা, তথ্যপ্রমাণ লোপাটের পাশাপাশি সোমনাথের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্তে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছিল আদালতে। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী সোমবার ফের সোমনাথকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।
